Home প্রচ্ছদ ১১৫ দিনের উৎকণ্ঠা শেষে হরমুজ পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১১৫ দিনের উৎকণ্ঠা শেষে হরমুজ পেরোল ‘বাংলার জয়যাত্রা’

Share
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে দীর্ঘ ১১৫ দিন পারস্য উপসাগরে অবস্থান করার পর অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। এর মধ্য দিয়ে জাহাজে থাকা ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রু সদস্যের দীর্ঘদিনের উৎকণ্ঠার অবসান হয়েছে।
বিএসসি সূত্রে জানা গেছে, ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর সোমবার (২২ জুন) দিবাগত রাত ৩টা ১২ মিনিটে (বাংলাদেশ সময়) জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করে।
আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৩ জুন) সকালে জাহাজটি ঘণ্টায় প্রায় ৭ নটিক্যাল মাইল গতিতে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছিল।
জাহাজটির প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান মঙ্গলবার সকালে গণমাধ্যমকে জানান, সোমবার গভীর রাতে তারা সফলভাবে হরমুজ প্রণালী পেরিয়েছেন। তিনি বলেন, ‘আজ আমরা ফুজাইরা বন্দরে পৌঁছাব। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আমরা স্বস্তি পেয়েছি। সবাই খুব আনন্দিত। অনেক দিন পর যেন মুক্তির অনুভূতি হচ্ছে।’
বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, জাহাজটি সোমবার রাতেই ঝুঁকিপূর্ণ জলপথ নিরাপদে অতিক্রম করেছে। তার ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে জাহাজটি ফুজাইরা বন্দরের জলসীমায় প্রবেশ করবে।
তিনি আরও বলেন, প্রায় ৩৭ হাজার মেট্রিক টন সার বহনকারী ‘এমভি বাংলার জয়যাত্রা’র পরবর্তী গন্তব্য দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও ডারবান বন্দর।
জাহাজটির যাত্রাপথের তথ্য অনুযায়ী, গত ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করে ‘এমভি বাংলার জয়যাত্রা’। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়।
তবে এর ঠিক একদিন পর, ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর পুরো অঞ্চলে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। ফলে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়। এ পরিস্থিতিতে ‘এমভি বাংলার জয়যাত্রা’সহ বহু বাণিজ্যিক জাহাজ ওই অঞ্চলে আটকা পড়ে।
বিএসসির কর্মকর্তারা জানান, যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর কয়েক দফা হরমুজ প্রণালি পার হওয়ার উদ্যোগ নেওয়া হলেও নিরাপত্তা ঝুঁকির কারণে প্রতিবারই জাহাজটিকে ফিরে আসতে হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত কয়েক দিন ধরে জাহাজটি হরমুজ প্রণালীর কাছাকাছি, প্রায় ৮০ নটিক্যাল মাইলের মধ্যে অবস্থান করছিল এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অনুমতির অপেক্ষায় ছিল। অবশেষে সোমবার সেই অনুমতি পাওয়ার পর জাহাজটি যাত্রা শুরু করে এবং নিরাপদে প্রণালি অতিক্রম করে।
বিএসসি জানিয়েছে, পুরো সময়জুড়ে নৌপরিবহন মন্ত্রণালয় ও বাংলাদেশ শিপিং করপোরেশন জাহাজটির গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে এবং জাহাজের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখেছে। ফলে দীর্ঘ ১১৫ দিনের অনিশ্চয়তার পর ‘এমভি বাংলার জয়যাত্রা’ আবারও স্বাভাবিক আন্তর্জাতিক নৌপথে যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে।
Related Articles

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট...

ফিরহাদসহ ৭ শীর্ষ নেতাকে বহিষ্কার করল মমতার তৃণমূল

বিধানসভা নির্বাচনে পরাজয়ের ধাক্কা কাটতে না কাটতেই নজিরবিহীন কোন্দলে ভেঙে টুকরো হতে...

রাস্তার বেহাল অবস্থা নিয়ে সিসিক প্রশাসকের সঙ্গে সিকৃবির ফলপ্রসূ আলোচনা

মাদানী ঈদগাহ থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) পর্যন্ত নির্মাণাধীন আরসিসি সড়কের বেহাল...

দ্বিতীয় রাউন্ডে কাদের বিপক্ষে খেলবেন মেসিরা?

২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপর গ্রুপ ‘জে’...