মডেল ও অভিনেত্রী মারিয়া মিম সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের পোশাক, ফ্যাশন ভাবনা এবং ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন। অনুষ্ঠানে তার পরা লাল রঙের পোশাকটি নিয়েই তৈরি হয় আলাদা আলোচনা।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মারিয়া মিম জানান, তার পরনের ওয়েস্টার্ন ধাঁচের পোশাকটি সৌদি আরবের জেদ্দা থেকে কেনা। ওমরাহ পালনের সময় তিনি পোশাকটি সংগ্রহ করেছিলেন। সৌদি আরবে আধুনিক ও আকর্ষণীয় পোশাকের সংগ্রহ দেখে তিনি মুগ্ধ হয়েছেন বলেও জানান।
মিম বলেন, লাল রং তার খুব প্রিয় এবং এ রঙের পোশাকে নিজেকে বেশি আত্মবিশ্বাসী মনে হয়। তিনি জানান, আগে ধারণা ছিল না যে সৌদি আরবেও এত সুন্দর ওয়েস্টার্ন পোশাক পাওয়া যায়। তাই ভবিষ্যতে আবার সেখানে গেলে আরও পোশাক কেনার ইচ্ছা রয়েছে তার।
তবে পোশাকটির মূল্য সম্পর্কে জানতে চাইলে তা প্রকাশ করতে রাজি হননি এই অভিনেত্রী।
কেবল ফ্যাশন নয়, নিজের অভিনয়জীবন নিয়েও কথা বলেন মারিয়া মিম। তিনি জানান, দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পাচ্ছেন। কিন্তু গল্প, চরিত্র ও সহশিল্পী- সবকিছু একসঙ্গে পছন্দ না হওয়ায় অনেক কাজ থেকে সরে দাঁড়াতে হয়েছে। বর্তমানে একটি সিনেমার কাজ চলমান রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি।
ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় থাকা এই অভিনেত্রী একসময় অভিনেতা সিদ্দিকুর রহমানের সঙ্গে সংসার করেছিলেন। ২০১২ সালে তাদের বিয়ে হলেও ২০১৯ সালে বিচ্ছেদ ঘটে। এরপর ব্যক্তিগত নানা প্রতিকূলতা পেরিয়ে আবারও শোবিজে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন তিনি।