Home খেলাধুলা বিপিএলে পারিশ্রমিক বিতর্ক নিরসনে নতুন ঘোষণা বিসিবির

বিপিএলে পারিশ্রমিক বিতর্ক নিরসনে নতুন ঘোষণা বিসিবির

Share

প্রাপ্তি-অপ্রাপ্তির মিশ্রণ ও নানা বিতর্কের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর শেষ হয়েছে গতকাল (শুক্রবার)। একাধিক ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া থাকার বিষয়টি ছিল পুরো টুর্নামেন্টজুড়ে সবচেয়ে আলোচিত। দুর্বার রাজশাহী এক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গেছে। বারবার আর্থিক কারণে বিপিএলের নেতিবাচক দিক শিরোনামে আসায় ভবিষ্যতে বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়েও তৈরি শঙ্কা হয়েছে।

এই সংকট নিরসনে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকসহ তাদের যাবতীয় লজিস্টিক সাপোর্ট এবং বিপিএলে যোগ দেওয়া থেকে শুরু করে নির্বিঘ্নে ফিরতি বিমানে ওঠা পর্যন্ত সবকিছুই দেখভালের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা আজ শনিবার (০৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বলছে, ‘লজিস্টিক সাপোর্ট, ফ্র্যাঞ্চাইজিগুলোর অর্থনৈতিক প্রটোকল, খেলোয়াড়দের স্বার্থ রক্ষা এবং অর্থ প্রদান প্রক্রিয়া থেকে শুরু করে সব ব্যাপারেই দেখভাল করবে বিসিবি। বিপিএল ড্রাফট থেকে স্বাক্ষরিত সকল আন্তর্জাতিক খেলোয়াড়ের চুক্তি এবং ম্যাচ ফি’র দায়িত্ব বিসিবি গ্রহণ করবে এবং এটি যথাসময়ে-স্বচ্ছতার সঙ্গে প্রদানের বিষয়টিও নিশ্চিত করা হবে।’

বিসিবির বিবৃতিতে আরও বলা হয়, বিপিএল শেষে বিদেশি খেলোয়াড়দের নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার জন্য সমস্ত লজিস্টিকস ব্যবস্থা তদারকি করা হবে বোর্ডের পক্ষ থেকে। কেবল তাই নয়, খেলোয়াড়দের স্বার্থ রক্ষায় পারিশ্রমিক পরিশোধ প্রক্রিয়া সহজ করাসহ বিসিবি সকল আর্থিক প্রোটোকল নিশ্চিতে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।

এ প্রসঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘এমন উদ্যোগ পেশাদার ক্রিকেটের সুষম অভিজ্ঞতা, বিপিএলের স্বচ্ছতা নিশ্চিত ও বিসিবির প্রতিশ্রুতি পূরণের বিষয়টিকে আরও জোরালো করবে। সেটি হতে পারে স্থানীয় কিংবা আন্তর্জাতিক যেকোনো খেলোয়াড়ের ক্ষেত্রেই। টুর্নামেন্টের ব্যবস্থাপনা ও অর্থনৈতিক প্রত্যাশা পূরণে সকল স্টেকহোল্ডারের সঙ্গে বিসিবি আরও ভালোভাবে সম্পৃক্ত থাকবে।’

এর আগে বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী টম মোফাত বলেছিলেন, ‘আমাদের ধারণা নন-পেমেন্ট ইস্যু চলমান থাকলে ভালো ক্রিকেটাররা টুর্নামেন্ট থেকে আগ্রহ হারাবে। বিপিএলে বারবার এ ধরনের ইস্যুর নজির খুবই হতাশার। কয়েক বছর ধরেই এই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এটি অগ্রহণযোগ্য, কোনো উন্নতি হচ্ছে না এবং এটি (পারিশ্রমিক বকেয়া) খেলোয়াড়দের পারফরম্যান্সেও প্রভাব ফেলে।’

Related Articles

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সংসদীয় কমিটিতে রাখা...

আলহামদুলিল্লাহ, তিন নম্বর জন ডান: পরীমণি

ঢালিউড অভিনেত্রী পরীমণি। সোশ্যাল মিডিয়ায় সব সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। মাঝেমধ্যেই তিনি...

ঢাকা উত্তরের ভোটার হলেন আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভোটার এলাকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমারে জাতীয় পুনর্মিলন বিষয়ক জাপান...