Home প্রচ্ছদ বিরোধী দলের ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন আছে: প্রতিমন্ত্রী শাহে আলম

বিরোধী দলের ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন আছে: প্রতিমন্ত্রী শাহে আলম

Share

বিরোধী দলকে ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন করা হচ্ছে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, ‘জামায়াতের সেক্রেটারি জেনারেল বক্তব্য দিয়েছেন যে, বিরোধী দল খাচ্ছে চকলেট আর সরকারি দল খাচ্ছে বিরিয়ানি। আমি এর জবাবে বলতে চাই বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন বিরোধী দল চকলেট পাচ্ছে। এর আগে বিএনপি বিরোধী দলে ছিল। চকলেট কেন? আমাদেরকে বসারই জায়গা দেয়নি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা কী খাচ্ছি সেটা অন্য আলোচনা। কারণ আমরা খাচ্ছি ঘরের মধ্যে। আপনারা তো দেখছেন না। কিন্তু আপনাদের চকলেট পাচ্ছেন এটা স্বীকার করেছেন। তার মানে বাংলাদেশের বিরোধী দলের কম বেশি হলেও মূল্যায়ন আছে। এবং তাদের কথা সংসদে এবং সংসদের বােইরে আমরা শুনছি।’

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বগুড়ার শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

বিরোধী দল জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে মীর শাহে আলম বলেন, ‘নির্বাচনের সময় বেহেশতের কথা বলে ভোট নিয়েছেন। নির্বাচনের মধ্যে দুর্গা উৎসবে যেভাবে গিয়ে আপনারা ঢাকের তালে নেচেছেন রোজা এবং পূজাকে এক করেছেন এবং পূজামণ্ডপে যেভাবে ঘুরাঘুরি করেছেন আমরা কিন্তু এইবার আপনাদের কোনো পূজামণ্ডপে দেখিনি।’

‘এই যে ধোঁকাবাজির রাজনীতি সস্তা রাজনীতি ভোটের রাজনীতি বন্ধ করে দেশের মানুষের জন্যে জনগণের জন্যে রাজনীতি করেন,’ যোগ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিরোধী দলকে শুধু এটুকুই বলব বাকস্বাধীনতার মধ্যে বক্তব্যের শালীনতা যেন থাকে। এটা আমি বিনয়ের সাথে অনুরোধ করব।’ বিরোধী দলের অনেক নেতা জাতীয় নেতাদের অসম্মান করে অশালীন ভাষায় কথা বলছেন বলে অভিযোগ করেন তিনি। এ ধরনের বক্তব্য অব্যাহত থাকলে দেশের মানুষ ও ভোটাররা তা ভালোভাবে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি বাংলাদেশি জাতীয়বাদকে ধারণ করে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা কোনো ধর্ম, কোনো বিশেষ গোষ্ঠী বা কাউকে পুঁজি করে রাজনীতি করার বিন্দুমাত্র ইচ্ছা আমাদের নাই। আমরা দেশের সকল ধর্ম, মানুষ, জাতিগোষ্ঠী থেকে শুরু করে বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলিম এবং বাংলাদেশের পাহাড়ি থেকে শুরু করে যারা বসবাস করেন সবাই বাংলাদেশি। সবাইকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতি করতে চাই।’

জ্বালানি সংকট নিয়ে বিরোধী দলের কর্মসূচির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত বিএনপি উত্তরাধিকার সূত্রে পেয়েছে বলে বিরোধী দল সংসদে বক্তব্য দিচ্ছে। এ ক্ষেত্রে সরকারকে সময় দেওয়া উচিত। অথচ সংসদের বাইরে গিয়ে তারা ‘তেল দে, গ্যাস দে, নইলে গদি ছেড়ে দে’ স্লোগান দিয়ে লংমার্চ করছে।

তিনি বলেন, তেল ও গ্যাসের দাবিতে লাখ লাখ টাকা খরচ করে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-রংপুর লংমার্চ করা হয়েছে। সামনে ঢাকা-খুলনা লংমার্চের কর্মসূচিও রয়েছে। এসব কর্মসূচি বন্ধ করে ৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে যোগ দিয়ে বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়েও সংসদে আলোচনা করার আহ্বান জানিয়ে মীর শাহে আলম বলেন, যেসব বিষয়ে বিরোধী দলের কথা বলার আছে, সেসব বিষয়ে সংসদে এসে বক্তব্য দিতে হবে।

পরে প্রতিমন্ত্রী শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচিত শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানে যোগ দেন।

Related Articles

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

শিউলি ফুলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ভক্তদের কাছ থেকেই ফুলের সঙ্গে...

জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে বিরোধী দল জামায়াতে ইসলামীর সম্পর্ক রয়েছে বলে...

স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম

জনগণের ভোটাধিকার নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার...

হাজারো ডিসেম্বর যাবে, কিন্তু শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন

হাজারো ডিসেম্বর চলে যাবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবে না বলে...