নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুক্রবার (১ মে) সমাবেশ করবে বিএনপি। এ সময় প্রধানমন্ত্রী হিসেবে প্রথম জনসভায় বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সমাবেশের ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।
তিনি বলেন, এরইমধ্যে শ্রমিক দলের পক্ষ থেকে ব্যানার ফেস্টুন করা হয়েছে, মহান মে দিবস পালনের লক্ষ্যে শ্রমিক দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি, অধিকার প্রতিষ্ঠার এই মহান দিনে শ্রমজীবী কর্মজীবী মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে উপস্থিত হবে।
নজরুল ইসলাম খান বলেন, এই সমাবেশের বর্তমান শ্রম পরিস্থিতি এবং সমসাময়িক জাতীয় রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সমাবেশের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও শ্রমিক সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ জাতীয় নেতা এবং শ্রমিক নেতারা বক্তব্য রাখবেন বলেও জানান তিনি
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর শিল্পবিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী, শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শফুসহ অনেকে।