কুষ্টিয়ায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে তুমুল হট্টগোলের মুখে পড়েন কুষ্টিয়া-৩ আসনের সাংসদ মুফতি আমির হামজা। বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
কলেজের শিক্ষার্থীরা জানায়, সকালে প্রধান অতিথি হিসেবে সরকারি কলেজ মাঠে আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে আসেন এমপি মুফতি আমির হামজা। এসময় সাধারণ শিক্ষার্থীর ব্যানারে একদল শিক্ষার্থী মঞ্চের সামনে জড়ো হয়ে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। পরে টুর্নামেন্ট উদ্বোধনের জন্য মাঠে প্রবেশ করলে ওই শিক্ষার্থীরা সেখানে গিয়েও তাকে উদ্দেশ্য করে স্লোগান দিতে থাকেন এবং তারা মাঠের মধ্যে বসে পড়েন।
এমন পরিস্থিতিতে কলেজের অধ্যক্ষ আমির হামজাকে নিয়ে তার কার্যালয়ে চলে যান। শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ে গিয়েও একইভাবে স্লোগান দিয়ে উত্তেজনা সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ অধ্যক্ষের কার্যালয়ে যান। পরে তিনি পুলিশের সঙ্গে বেরিয়ে কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন।
বিক্ষোভকারীরা জানায়, কলেজে দুই দিন আগে (৫ মে) বেশ কিছু গাছ কাটা হয়। তিনি এই আসনের সংসদ সদস্য হয়েও কলেজ প্রিন্সিপালের মাধ্যম দিয়ে এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেননি। এজন্যই এসব স্লোগান দেওয়া হচ্ছে ।
এদিকে, এ ঘটনার পর মুফতি আমির হামজা নামের একটি ফেসবুক পেজের স্ট্যাটাসে লেখা হয়, ‘কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনকালীন সময়ে সংসদ সদস্য মুফতি আমির হামজাকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদলের নেতাকর্মীরা।’ এই স্ট্যাটাসের নিচে লেখা ছিল ‘এডমিন’।
এ ব্যাপারে বক্তব্য নিতে মোবাইলে একাধিক বার কল দিয়ে আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।
কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে যান। এসময় তিনি আমির হামজাকে অধ্যক্ষের সঙ্গে আলাপ করতে দেখেন।
তবে আমির হামজাকে অবরুদ্ধ করে রাখার বিষয়টি অস্বীকার করে ওসি জানান, আমির হামজা অধ্যক্ষের কার্যালয় থেকে তার সঙ্গেই বেরিয়ে আসেন এবং কলেজ ক্যাম্পাস ত্যাগ করে চলে যান।