আন্তর্জাতিক মিডিয়া সাপোর্ট (IMS) ও EngageMedia-এর আমন্ত্রণে থাইল্যান্ডের চিয়াংমাইয়ে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের তরুণ ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর রিফাত জাহান শাওন।
আগামী ২৫ ও ২৬ নভেম্বর ২০২৬ থাইল্যান্ডের চিয়াংমাইয়ে অনুষ্ঠিত হবে ‘Open Tech Camp Chiang Mai 2026’। এতে অংশগ্রহণের জন্য আন্তর্জাতিক সংস্থা International Media Support (IMS) এবং EngageMedia তাঁকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে।
সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের কনটেন্ট ক্রিয়েটর ও কমিউনিটি সংগঠকেরা একত্রিত হবেন। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, মানবাধিকার ও গণতন্ত্রের সুরক্ষায় প্রযুক্তির ভূমিকা এবং সমসাময়িক ডিজিটাল চ্যালেঞ্জ নিয়ে সম্মেলনে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় হবে।
রিফাত জাহান শাওন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। ভ্রমণের প্রতি গভীর আগ্রহ থেকে মাত্র ১৯ বছর বয়সে, ২০২০ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশের ৬৪টি জেলা ভ্রমণ সম্পন্ন করেন তিনি। দেশের ৬৪ জেলা ভ্রমণের এই অর্জনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিস্ট সোসাইটির পক্ষ থেকেও স্বীকৃতি পেয়েছেন। তিনি ‘Youngest Traveller of Bangladesh’ পরিচয়ে পরিচিতি অর্জন করেছেন।
ভ্রমণকে কেবল ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, পর্যটন ও মানুষের জীবনযাত্রা আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন তিনি। দেশের গণ্ডি পেরিয়ে ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে তাঁর ভ্রমণ ও কনটেন্ট নির্মাণের অভিজ্ঞতা রয়েছে।
এ ছাড়া দেশের এভিয়েশন ও পর্যটন খাতেও কাজ করছেন রিফাত। তিনি SriLankan Airlines ও Biman Bangladesh Airlines-এর ব্র্যান্ড প্রমোটর হিসেবে কাজ করেছেন। পাশাপাশি ভ্রমণভিত্তিক উদ্যোগ Tripii-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আন্তর্জাতিক এই সম্মেলনে তাঁর অংশগ্রহণ বাংলাদেশের তরুণ কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অভিজ্ঞতা, চিন্তা ও সৃজনশীলতা তুলে ধরার একটি নতুন সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, আয়োজকদের আমন্ত্রণপত্র অনুযায়ী, সম্মেলনে অংশগ্রহণের জন্য তাঁর বিমানভাড়া, নির্ধারিত সময়ের আবাসন, স্থানীয় যাতায়াত, খাবার, ভ্রমণবিমা ও প্রযোজ্য ভিসা ফি-সহ প্রয়োজনীয় ভ্রমণ ব্যয় বহনের দায়িত্ব নিয়েছে আয়োজকরা।