শান্তি প্রতিষ্ঠার সূচনা হতে হবে নিজের ভেতর থেকে, নিজের হৃদয় থেকে। এমনটাই মনে করেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’ অনুষ্ঠানে অংশ নিয়ে শান্তির গুরুত্ব তুলে ধরতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। এ সময় বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণের অভিজ্ঞতা এবং সেখানকার মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসার কথাও তুলে ধরেন অভিনেতা।
বক্তব্যের শুরুতেই নিজের জীবনের একটি অভিজ্ঞতা ভাগ করে নেন শাহরুখ। ঘৃণাকে কীভাবে ভালোবাসায় রূপান্তর করা যায়, সেই প্রসঙ্গে নিজের ছোট ছেলে আব্রামের সঙ্গে হওয়া একটি কথোপকথনের কথা উল্লেখ করেন তিনি। ছেলের সঙ্গে সেই আলাপের অভিজ্ঞতা তুলে ধরে শান্তি ও ভালোবাসার গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন বলিউডের এই সুপারস্টার।
অভিনেতা বলেন, ‘একদিন আমার ছোট ছেলে আমাকে জিজ্ঞাসা করেছিল কীভাবে ঘৃণাকে ভালোবাসায় বদলানো যায়। আমি ওকে বলেছিলাম, এটা খুব সহজ। আমরা যদি সবাই হিংসার বদলে আলোচনা, ভয়ের বদলে বিশ্বাস বেছে নিই; সকলে মিলেমিশে চলি, তবে ভালোবাসারই জয় হবে।’
শাহরুখ বলেন, ‘শান্তি ও প্রশান্তির শুরু হয় খুব ছোট্ট একটি জায়গা থেকে। এর শুরু আমাদের নিজেদের ভেতরে, নিজের হৃদয়ে। সৃষ্টিকর্তার কৃপায়, আমি যেখানেই যাই, যে দেশেই ভ্রমণ করি, পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকেই অগাধ ভালোবাসা পাই।’
পার্থক্য ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর কথা বলতে গিয়ে নিজের অভিনীত জনপ্রিয় সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র একটি সংলাপও স্মরণ করেন শাহরুখ। যার অর্থ, ‘বড় বড় দেশে ছোটখাটো ঘটনা ঘটতেই থাকে, সেনোরিটা।’