Home আন্তর্জাতিক এনভিডিয়ার প্রধান পদে জেনসেন হুয়াংকে ফেরানোর আহ্বান ট্রাম্পের

এনভিডিয়ার প্রধান পদে জেনসেন হুয়াংকে ফেরানোর আহ্বান ট্রাম্পের

Share

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে জেনসেন হুয়াংকে পুনর্বহালের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যক্তিগত সম্পর্ক ও চীনে প্রযুক্তি পাচারসংক্রান্ত বিতর্কের জেরে পদত্যাগের এক সপ্তাহের বেশি সময় পর হুয়াংয়ের প্রতি এমন সমর্থন জানালেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, জেনসেন হুয়াং বিশ্বের অন্যতম মেধাবী ব্যক্তি। তিনি বলেন, ‘আমি চাই জেনসেনকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হোক।’

হুয়াংকে একজন ভালো মানুষ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছেন। তবে তার তৈরি করা প্রযুক্তিগত উদ্ভাবনের গুরুত্ব বিবেচনায় তাকে ক্ষমা চেয়ে আবার দায়িত্বে ফেরার সুযোগ দেওয়া উচিত। এ সময় এনভিডিয়ার উন্নত ব্ল্যাকওয়েল চিপের কথাও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

গত ১২ নভেম্বর পদত্যাগ করেন এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। গণমাধ্যমের প্রতিবেদনে চীনা গুপ্তচর সন্দেহে থাকা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ সামনে আসে। একই সঙ্গে নিষেধাজ্ঞার আওতায় থাকা মার্কিন এআই চিপ চীনে পাচারে তার সম্ভাব্য সংশ্লিষ্টতা নিয়েও বিতর্ক তৈরি হয়। পরে তার আরও দুটি বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশিত হয়।

এদিকে, মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হুয়াং নিজেই এনভিডিয়ায় ফেরার আগ্রহ প্রকাশ করেন। তবে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ তার প্রত্যাবর্তনের সম্ভাবনা নাকচ করে দিয়েছে। বোর্ডের চেয়ারম্যান হার্ভে জোনস জানান, পরিচালকেরা সর্বসম্মতিক্রমে তার পদত্যাগ গ্রহণ করেছেন এবং তাকে পুনর্বহালের কোনো পরিকল্পনা নেই।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকও সমালোচনার মুখে পড়েছেন। চীনে এআই চিপ পাচারের বিষয়ে সতর্কবার্তা উপেক্ষা করার অভিযোগ তুলেছেন রিপাবলিকান সিনেটর টম কটন। তবে ট্রাম্প লুটনিকের প্রতি আস্থা বজায় রাখার কথা জানিয়েছেন।

এ ছাড়া লুটনিক তার ছেলেদের পরিচালিত প্রতিষ্ঠান ক্যান্টর ফিটজেরাল্ডের স্বার্থে নিজের সরকারি পদ ব্যবহার করেছেন কি না, তা নিয়েও তদন্ত করছে ডেমোক্র্যাটরা।

সূত্র: আল জাজিরা

Related Articles

নেপাল লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার

নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) তৃতীয় আসরের ফাইনাল আজ (২১ নভেম্বর)। আর এই...

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা,...

কোনো নারীই যেন ক্যান্সার চিকিৎসার বাইরে না থাকেন

ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের কোনো নারীকে পিছিয়ে রাখা যাবে না। নারীদের জন্য...

অবিরাম বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক, তলিয়ে গেছে ৬৮ হাজার হেক্টর জমি

কয়েক মাসের পরিশ্রম, ঋণ ও ধারদেনা করে ফসল ফলিয়েছিলেন ঝিনাইদহের কৃষকরা। স্বপ্ন...