বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের ফাইনাল ম্যাচ বৃষ্টির কারণে শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি। বসুন্ধরা এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও পাকিস্তানের। তবে বৃষ্টির কারণে ম্যাচটি আয়োজন করা সম্ভব হয়নি। ফাইনাল না হলেও টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী গ্রুপ পর্বের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকায় পাকিস্তানকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, রানার্সআপ হয়েছে ভারত। উল্লেখ্য, ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের এবারের আসর বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলেও এটি টুর্নামেন্টটির দ্বিতীয় আয়োজন।
সকাল সাড়ে ১১টায় ভারত ও পাকিস্তান ফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হলে বাইলজের নিয়মে শিরোপা নির্ধারণ করা হয়।
লিগ পর্বে দাপট দেখিয়ে ফাইনালে ওঠে পাকিস্তান। তিন ম্যাচের সবকটিতে জিতে ৬ পয়েন্টে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করে তারা। অন্যদিকে, তিন ম্যাচে দুটি জয় ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত। স্বাগতিক বাংলাদেশ ২ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং শ্রীলঙ্কা কোনো পয়েন্ট না পেয়ে চতুর্থ হয়।
এবারের আসরে স্বাগতিক বাংলাদেশসহ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা অংশ নেয়। প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজিত এই প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ছিল সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল। টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে।