যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী সংক্রামক রোগ হাম দ্রুত ছড়িয়ে পড়ছে। ২০২৬ সালের শুরু থেকে দেশটিতে এ রোগে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি, ৪৫টি অঙ্গরাজ্যে এখন পর্যন্ত ৫ হাজার ৪১২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আগের সপ্তাহের প্রতিবেদনের তুলনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৩০ জন।
মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য এবং এবিসি নিউজের বরাতে পোলস্যাট নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, হামে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে পেনসিলভেনিয়ায়। রাজ্যটিতে সাতজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া উইসকনসিনে দুজন এবং নিউইয়র্কে একজন মারা গেছেন। শুক্রবার (১৩ নভেম্বর) উইসকনসিনের স্বাস্থ্য বিভাগ রাজ্যটিতে দ্বিতীয় মৃত্যুর তথ্য নিশ্চিত করে। একই দিন পেনসিলভেনিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষও নতুন মৃত্যুর খবর জানায়।
তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে বছরে গড়ে ১৮০ জন হামে আক্রান্ত হতেন। কিন্তু ২০২৬ সালে সংক্রমণের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে গেছে। চলতি বছরে প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় ২ হাজার ২০০ জন আক্রান্ত হয়েছেন, যেখানে গত বছর এ সংখ্যা ছিল ৬৭৪। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে রোগটি তুলনামূলক বেশি গুরুতর হতে পারে এবং এ বয়সীদের হাসপাতালে ভর্তির হার প্রায় ১৫ শতাংশ।
অপরদিকে, শিশুদের টিকাদানের হার কমে যাওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রে প্রাক্-প্রাথমিক পর্যায়ের শিশুদের মধ্যে হামের টিকা গ্রহণের হার ২০১৯ সালে ৯৫ শতাংশ থাকলেও ২০২৬ সালে তা কমে ৯২ শতাংশে দাঁড়িয়েছে। অথচ হাম প্রতিরোধে টিকাদানের প্রয়োজনীয় হার ৯৫ শতাংশ। চলতি বছর দেশটিতে প্রাক্-প্রাথমিক শিক্ষায় ভর্তি হওয়া প্রায় ৩ লাখ শিশু হামের টিকা নেয়নি।
এমএমআর টিকা দুই ডোজে দেওয়া হয়। প্রথম ডোজ ১২ থেকে ১৫ মাস এবং দ্বিতীয় ডোজ ৪ থেকে ৬ বছর বয়সে। পূর্ণাঙ্গ টিকা সংক্রমণ প্রতিরোধে প্রায় ৯৭ শতাংশ কার্যকর।
বিশেষজ্ঞদের তথ্যমতে, একজন আক্রান্ত ব্যক্তি টিকা না নেওয়া আশপাশের মানুষের ৯০ শতাংশ পর্যন্ত সংক্রমিত করতে পারেন। ভাইরাসটি আক্রান্ত ব্যক্তি ঘর ছেড়ে যাওয়ার পরও বাতাসে ও বিভিন্ন পৃষ্ঠে দুই ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকতে পারে। টিকা না নেওয়া আক্রান্তদের প্রতি পাঁচজনে একজনকে হাসপাতালে ভর্তি হতে হয় এবং প্রতি ২০ শিশুর একজনের নিউমোনিয়া দেখা দেয়।