প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক বিভাগে তাকে তালিকায় রাখা হয়েছে। এ বছরই প্রথম তার নাম এ প্রকাশনায় যুক্ত হয়েছে।
সম্প্রতি জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস, ২০২৭’ শীর্ষক একটি গ্রন্থ প্রকাশ করেছে। গ্রন্থটিতে তারেক রহমানের পরিচিতি তুলে ধরা হয়েছে।
দ্য মুসলিম ৫০০-এর ১৬৬ নম্বর পৃষ্ঠায় এশিয়া অঞ্চলের বাংলাদেশ অংশে তার নাম রয়েছে। নতুন সংযোজন হিসেবে তারেক রহমানের নামের পাশে ‘নিউ’ উল্লেখ করা হয়েছে।
গ্রন্থে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে। এতে বলা হয়েছে, দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থানকালে তিনি বিএনপির নেতৃত্ব দিয়েছেন।
২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরেন তারেক রহমান। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ১৭ ফেব্রুয়ারি তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
‘দ্য মুসলিম ৫০০’-এর শীর্ষ ৫০ ব্যক্তিত্বের নাম ধারাবাহিকভাবে ক্রমানুসারে প্রকাশ করা হয়েছে। তবে অন্যদের প্রভাবের ক্ষেত্র বিবেচনায় বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়েছে। তারেক রহমানকে রাজনৈতিক বিভাগে রাখা হলেও তালিকায় তাঁর নামের পাশে নির্দিষ্ট কোনো ক্রম বা অবস্থান উল্লেখ করা হয়নি।
প্রকাশনাটির ভূমিকায় উল্লেখ করা হয়েছে, সামাজিক সূচক, জনমত এবং বিশেষজ্ঞদের মতামত বিশ্লেষণ করে ব্যক্তিদের প্রভাবের মাত্রা বিবেচনায় তালিকাটি প্রণয়ন করা হয়েছে। তবে এ তালিকায় কারও নাম অন্তর্ভুক্ত হওয়া মানেই তাঁর মতামত, আদর্শ বা অবস্থানের প্রতি প্রকাশকদের সমর্থন কিংবা সম্মতি রয়েছে, এমনটি নয়।
তালিকার অনলাইন সংস্করণ প্রকাশনার নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।