Home জাতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ, শিক্ষা-গবেষণায় সহযোগিতার আশ্বাস

প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ, শিক্ষা-গবেষণায় সহযোগিতার আশ্বাস

Share

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক, সিন্ডিকেট সদস্য ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান উপস্থিত ছিলেন।

সাক্ষাতে উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, বৃহৎ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, প্রস্তাবিত ২০ বছর মেয়াদি অ্যাকাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান, শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সম্পর্ক জোরদারে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

এ ছাড়া বিশ্বের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম, অ্যালামনাই নেটওয়ার্কিং বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক সময়ে নেওয়া বিভিন্ন উদ্যোগের বিষয়েও প্রধানমন্ত্রীকে জানান উপাচার্য।

সাক্ষাৎকালে মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় অবদানের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন উপাচার্য।

এ সময় বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফান্ড বৃদ্ধি, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক উন্নয়ন, অ্যালামনাই নেটওয়ার্কিং জোরদার, কৃত্রিম বুদ্ধিমত্তা, তৃতীয় ভাষা, জীববিজ্ঞান, জীবপ্রযুক্তি ও রোবোটিক্স বিষয়ে শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ তৈরিতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চান তিনি।

শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, নৈতিকতা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে আবাসিক হল, বিভাগ ও ইনস্টিটিউটে সহশিক্ষামূলক কার্যক্রম আরও জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন উপাচার্য।

জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা প্রদান এবং শিক্ষা ও গবেষণার উন্নয়নসহ সার্বিক ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সম্মানজনক পর্যায়ে উন্নীত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘অ্যালামনাইদের সহযোগিতা নিয়ে বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে হবে।’

এসময় আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় সম্ভাব্য সমাবর্তনে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান উপাচার্য। প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তন অনুষ্ঠানে যোগদানের সম্মতি জানান।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি মমত্ববোধ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমসহ বিভিন্ন ক্ষেত্রে আন্তরিক সহযোগিতার আশ্বাস দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান উপাচার্য।

Related Articles

মাঠের রাজনীতি পেরিয়ে বঙ্গভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে আনুষ্ঠানিক...

জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুর

জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও...

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

দীর্ঘ প্রায় ৩৫ বছর পর জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।...