Home খেলাধুলা রিয়াল-জুজু কাটিয়ে সেমিতে বায়ার্ন, প্রতিপক্ষ পিএসজি

রিয়াল-জুজু কাটিয়ে সেমিতে বায়ার্ন, প্রতিপক্ষ পিএসজি

Share

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় রচিত হলো এক মহানাটকীয় থ্রিলার। রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের মধ্যকার এই লড়াইয়ে গোল, পাল্টা গোল আর লাল কার্ডের নাটকীয়তায় ভরপুর ছিল পুরোটা সময়। তবে অবিশ্বাস্য এই লড়াই শেষে জয়ের হাসি হেসেছে বায়ার্নই। শেষ মুহূর্তের জোড়া গোলে রিয়ালকে ৪-৩ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাভারিয়ানরা। দুই লেগ মিলিয়ে তাদের জয় ৬-৪ ব্যবধানে।

খেলা শুরুর মাত্র ৩৬ সেকেন্ডের মাথায় ৪০ গজ দূর থেকে বল জালে জড়ান রিয়ালের আর্দা গুলের। বায়ার্ন শোধ নিতে বেশি সময় নেয়নি। ইয়োশুয়া কিমিখের কর্নার থেকে দারুণ হেডে গোল করে দলকে লড়াইয়ে ফেরান আলেক্সান্দার পাভলোভিচ।

ম্যাচের ২৯ মিনিটে গুলেরের অসাধারণ এক ফ্রি-কিকে আবারও লিড নেয় রিয়াল। তবে ৩৮ মিনিটে দায়োত উপামেকানোর পাস থেকে হ্যারি কেইন গোল করে বায়ার্নকে দ্বিতীয়বারের মতো সমতায় ফেরান। কিন্তু ৪২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ এক পাস থেকে এমবাপ্পে গোল করলে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল রিয়াল। কিন্তু এমবাপ্পে দারুণ একটি সুযোগ হাতছাড়া করেন এবং নয়্যারও দুর্দান্ত সেভ করে বায়ার্নকে ম্যাচে টিকিয়ে রাখেন। ম্যাচের মোড় ঘুরে যায় ৮৭ মিনিটে। দ্বিতীয় হলুদ কার্ড দেখে কামাভিঙ্গা মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। আর এই সুযোগটাই দুই হাতে লুফে নেয় স্বাগতিকরা।

পুরো ম্যাচ নিষ্প্রভ থাকা লুইস দিয়াজ ৮৯ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়িয়ে বায়ার্নকে ৩-৩ সমতায় ফেরান। রিয়ালের ঘুরে দাঁড়ানোর শেষ আশাটুকু মাটিচাপা পড়ে যোগ করা সময়ে। প্রতি-আক্রমণ থেকে মাইকেল ওলিসে দর্শনীয় এক গোল করে ম্যাচে প্রথমবারের মতো বায়ার্নকে লিড এনে দেন এবং রিয়ালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।

এই জয়ে দীর্ঘ এক যুগ পর রিয়াল মাদ্রিদ জুজু কাটাল বায়ার্ন মিউনিখ। ২০১২ সালের পর থেকে আগের লেগের আগপর্যন্ত কখনোই রিয়ালকে হারাতে পারেনি তারা। এবার সেই আক্ষেপ ঘুচিয়ে সেমিতে পা রাখল দলটি। ফাইনালে ওঠার লড়াইয়ে শেষ চারে তাদের প্রতিপক্ষ ফরাসি জায়ান্ট পিএসজি।

রাতের অন্য ম্যাচে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে স্পোর্টিং লিসবনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে আর্সেনাল। তবে প্রথম লেগের ১-০ গোলের জয়ে সেমিফাইনালে উঠে গেছে মিকেল আর্তেতার দল। শেষ চারে তাদের প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ।

Related Articles

থানার ভেতরেই জুবায়ের-মোসাদ্দেককে পেটালেন ছাত্রদল নেতাকর্মীরা

রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতা এ...

এই প্রথম হরমুজ পার হওয়া জাহাজ থেকে টোল নিল ইরান

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পীকার হামিদরেজা হাজিবাবেই জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলা জাহাজের...

ফের বিয়ের পিঁড়িতে জেনিফার, পাত্র কে?

ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন...

শান্ত-ফিজে ভর করে কিউদের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতল বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ...