বলিউডের তিন খানের আমির খান অনেকটাই ভিন্ন। লুকাচুরি না করে প্রকাশ্যে সবকিছু করতে পছন্দ করেন। গত বছর নিজের জন্মদিনে প্রেমিকা গৌরী স্প্র্যাটকে প্রকাশ্যে এনে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। আজ ৬২ বছরে পা দিলেন এই অভিনেতা। তবে এবারের জন্মদিন কেটেছে বেশ সাদামাটা আয়োজনে। দিনভর ব্যস্ত থাকায় যেন প্রকাশ্যে দেখা মেলেনি তার।
ভারতীয় একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বর্তমানে আমিরের পুরো মনোযোগ রয়েছে ছেলে জুনাইদের সিনেমা ‘এক দিন’ এর কাজে। সাই পল্লবী ও জুনাইদ খান অভিনীত এই সিনেমার পোস্ট–প্রোডাকশনের কাজ চলছে।
ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠদের মতে, প্রযোজক হিসেবে কোনো সিনেমা নির্মাণের সময় নয়, বরং শেষ পর্যায়ের কাজগুলোতে আমির বেশি সময় দেন। সিনেমাটি খুব শিগগিরই মুক্তি পেতে পারে। তাই এতে কোনো ধরনের ত্রুটি বা বিলম্ব চান না তিনি। সে কারণেই আপাতত অন্য কোনো দিকে সময় দিতে চাইছেন না এই অভিনেতা।
অবশ্য এর আগে আমির জানিয়েচিলেন, তিনি তারকাসুলভ আড়ম্বরপূর্ণ জীবনযাপনে খুব একটা বিশ্বাসী নন। বলিউডের পার্টি কিংবা পুরস্কার বিতরণী অনুষ্ঠানও সাধারণত এড়িয়ে চলেন। বিশেষ কোনো অনুষ্ঠান ছাড়া তেমন কোনো আয়োজনে অংশ নেন না তিনি।
তবে এবারের জন্মদিনের আগে প্রবীণ অভিনেত্রী সায়রা বানুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আমির। এ ছাড়া মুম্বাইয়ে একটি অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি। কিন্তু ১৪ মার্চ সকাল থেকেই ছেলের ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা।
তবে জীবনে নতুন প্রেমিকা এসেছেন মানেই যে প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ, তেমন নয়। প্রাক্তনদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে তার। গৌরী, কিরণ রাও ও রিনা দত্ত-সবাই মিলে বিভিন্ন অনুষ্ঠান উদ্যাপন করেন। এবারও তাই হয়েছে। প্রাক্তন স্ত্রী কীরণ রাও সামাজিক মাধ্যমে আমিরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। মেয়ে ইরা খানও বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন। সূত্র আনন্দবাজার