দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় চালু করার সার্বিক প্রক্রিয়া চলতি ২০২৬ সালের মধ্যেই সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত উচ্চপর্যায়ের এক বিশেষ বৈঠকে এই নির্দেশনা প্রদান করেন তিনি। বন্ধ সরকারি কারখানা চালু, বেসরকারীকরণ ত্বরান্বিত করা এবং এ খাতে দেশি-বিদেশি বড় অঙ্কের বিনিয়োগ টেনে আনার লক্ষ্যেই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈঠকে দেশের অচল শিল্প কারখানাগুলোতে দ্রুত উৎপাদনে ফেরার স্বার্থে সকল প্রকার আমলাতান্ত্রিক ও প্রশাসনিক জটিলতা অবিলম্বে অবসানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সাথে বেসরকারি খাতে হস্তান্তরের পথ সুগম করে আগামী ২০২৬ সালের নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া বৈঠকে দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং শিল্পখাতের পুনরুজ্জীবনে বিডাসহ সংশ্লিষ্ট প্রতিটি সংস্থাকে দৃশ্যমান ও দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বৈঠকে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।