অভিনেত্রী শবনমকে বশির আহমেদ সম্মাননা ২০২৬’-এ আজীবন সম্মাননায় ভূষিত করা হচ্ছে। আগামী ১৮ নভেম্বর কিংবদন্তি সংগীতশিল্পী বশির আহমেদের জন্মদিনে ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিকেল ৪টায় আয়োজিত হবে এবারের সম্মাননা অনুষ্ঠান। বিষয়টি নিশ্চিত করেছেন বশির আহমেদের সন্তান হোমায়রা বশির ও রাজা বশির। সম্মাননা অভিনেত্রী শবনম নিজেও গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রয়াত সংগীতশিল্পী বশির আহমেদের স্মৃতি, জীবন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে তাঁর দুই সন্তান হোমায়রা বশির ও রাজা বশিরের উদ্যোগে শুরু হয়েছিল ‘বশির আহমেদ সম্মাননা’। ‘সারগাম সাউন্ড সিস্টেম’-এর আয়োজনে ২০১৯ সালে এই সম্মাননা প্রদান শুরু হয়। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা চার বছর নিয়মিতভাবে অনুষ্ঠিত হয় এ আয়োজন। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ নানা প্রতিকূলতার কারণে পরবর্তী তিন বছর বন্ধ ছিল এই উদ্যোগ। দীর্ঘ বিরতির পর চলতি বছর আবারও সম্মাননা আয়োজনের প্রস্তুতি নিয়েছেন হোমায়রা ও রাজা বশির। এবারের আয়োজনে আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম।
সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় শবনম বলেন, ‘বশির ভাইয়ের দুই সন্তান হোমায়রা ও রাজা বেশ কিছুদিন আগে আমার কাছে এসেছিল। তারা তাদের বাবার নামে চালু হওয়া সম্মাননা পদকে আমাকে ভূষিত করতে চায় বলে জানিয়েছিল। যদিও আমার শরীর এখন খুব একটা ভালো নেই। জানি না আদৌ অনুষ্ঠানে অংশ নিতে পারব কি না। তবে মন থেকে ভীষণ ইচ্ছে করছে অনুষ্ঠানটিতে উপস্থিত থাকার।
হোমায়রা বশির ও রাজা বশির বলেন, ‘শ্রদ্ধেয় শবনম আন্টি আমাদের দেশের চলচ্চিত্রের অবিচ্ছেদ্য অংশ। আমাদের বাবাকে ছাড়া যেমন বাংলাদেশের গানের ইতিহাস রচনা অসম্ভব, ঠিক তেমনি শবনম আন্টিকে ছাড়াও বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস রচনা করা অসম্ভব। তার হাতে বশির আহমেদ সম্মাননার আজীবন সম্মাননা তুলে দিতে পারছি, এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের।