মাসব্যাপী কর্মসূচির সূচনা উপলক্ষে আগামী ১ ডিসেম্বর (মঙ্গলবার) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করতে যাচ্ছে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
এরআগে গতকাল ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ও জেলার বিভিন্ন আসনে দলীয় সংসদ সদস্য ও প্রার্থীদের পাশাপাশি মহানগর ও জেলার শীর্ষ পর্যায়ের নেতা এবং দলের অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাদের সমন্বয়ে যৌথ সভা হয়। সভার পর সংবাদ সম্মেলনে ১ ডিসেম্বরের কর্মসূচির বিষয়ে জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
যৌথ সভার সিদ্ধান্ত তুলে ধরে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘আমরা বিজয়ের মাসব্যাপী যে কর্মসূচি ঘোষণা করেছি, তার উদ্বোধনী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ১ ডিসেম্বর। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ১ ডিসেম্বর বেলা দুইটা থেকে উদ্বোধনী সমাবেশ শুরু হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।’