দীর্ঘদিনের প্রত্যাশিত ‘শিডিউলড মেসেজ’ সুবিধা চালু করছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা আগে থেকেই মেসেজ লিখে নির্দিষ্ট সময় নির্ধারণ করে রাখতে পারবেন। নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের কাছে পৌঁছে যাবে সেই বার্তা। মেসেজ পাঠানোর সময় ফোন হাতে নিয়ে ম্যানুয়ালি সেন্ড বাটনে চাপ দেওয়ার প্রয়োজন হবে না।
মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে অ্যান্ড্রয়েড, আইওএস, ম্যাকওএস, উইন্ডোজসহ আনুষ্ঠানিকভাবে সমর্থিত অন্যান্য প্ল্যাটফর্মে ধাপে ধাপে এই সুবিধা চালু করা হবে।
নতুন ফিচারের মাধ্যমে ব্যক্তিগত ও গ্রুপ উভয় ধরনের চ্যাটে ১০ মিনিট থেকে সর্বোচ্চ ১৪ দিন আগে মেসেজ শিডিউল করে রাখা যাবে।
যেভাবে নির্ধারিত সময়ে মেসেজ পাঠাবেন
প্রথমে স্বাভাবিক নিয়মে মেসেজ লিখতে হবে। এরপর সেন্ড বাটন চেপে ধরে রাখলে শিডিউল করার অপশন দেখা যাবে। সেখান থেকে পছন্দের তারিখ ও সময় নির্বাচন করলেই মেসেজটি নির্ধারিত সময়ের জন্য সংরক্ষিত হবে।
শিডিউল করা মেসেজগুলো দেখার জন্য আলাদা একটি বিভাগ থাকবে। সেখান থেকে পাঠানোর অপেক্ষায় থাকা মেসেজ পর্যালোচনা করা যাবে। চাইলে নির্ধারিত সময়ের আগেই সেগুলো মুছেও ফেলা যাবে।
শুধু লেখা নয়, ছবি ও ভিডিও পাঠানোর ক্ষেত্রেও এই সুবিধা ব্যবহার করা যাবে। ফলে জন্মদিনের শুভেচ্ছা, বিবাহবার্ষিকীর বার্তা কিংবা প্রয়োজনীয় রিমাইন্ডার আগেই তৈরি করে রাখার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
থাকছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, শিডিউল করা মেসেজও সাধারণ বার্তার মতো এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় থাকবে। ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত কথোপকথনের নিরাপত্তা বজায় থাকবে।
এ ছাড়া নির্ধারিত সময়ে প্রেরকের ফোনের ব্যাটারি শেষ হয়ে গেলেও মেসেজ স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে। প্রাপক সাধারণ হোয়াটসঅ্যাপ মেসেজের মতোই সেটি দেখতে পাবেন।
তবে ফিচারটি ধাপে ধাপে চালু করা হবে। ফলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব ব্যবহারকারীর অ্যাকাউন্টে সুবিধাটি একসঙ্গে নাও আসতে পারে।