Home খেলাধুলা মেসির পর সাহায্যের আবেদন জানালেন স্কালোনিও

মেসির পর সাহায্যের আবেদন জানালেন স্কালোনিও

Share

আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল শুধু মাঠেই নয়, বিপদের সময়ও জাতির পাশে দাঁড়ায়। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত বাহিয়া ব্লাঙ্কার জন্য এবার আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির পর এগিয়ে এলেন দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি ও তার টেকনিক্যাল স্টাফরা।

আর্জেন্টিনার অন্যতম বাণিজ্যিক নগরী বাহিয়া ব্লাঙ্কা ভয়াবহ বন্যায় বিপর্যস্ত। প্রাণ গেছে ১৬ জনের, সহস্রাধিক মানুষ ঘরছাড়া। এমন পরিস্থিতিতে দেশজুড়ে শুরু হয়েছে সাহায্যের আহ্বান, যেখানে সংহতি প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

স্কালোনি এক ভিডিও বার্তায় বলেন, ‘যে যতটুকু পারেন, সাহায্য করুন। ছোট্ট অবদানও এই কঠিন সময়ে অনেক মূল্যবান। বাহিয়ার জনগণের জন্য আমাদের ভালোবাসা ও সমর্থন।’

জাতীয় দলের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ‘#JuntoXBahíaBlanca’ ক্যাম্পেইন চালু করা হয়েছে, যেখানে রেড ক্রসের মাধ্যমে অনুদান দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসিও সহমর্মিতা প্রকাশ করেছেন, তিনি ইনস্টাগ্রামে লিখেন, ‘খবরগুলো খুবই দুঃখজনক। যাদের প্রিয়জন হারিয়েছে, তাদের প্রতি গভীর সমবেদনা জানাই। বাহিয়ার সবাইকে শক্ত থাকতে বলছি।’

কেবল জাতীয় দলই নয়, আর্জেন্টিনার ক্লাব ফুটবলেও একাত্মতা দেখা যাচ্ছে। বোকা জুনিয়র্স, রিভার প্লেট, রেসিং, ইনডিপেন্ডিয়েন্তে ও সান লরেঞ্জোসহ ১৫টির বেশি ক্লাব ইতোমধ্যেই ত্রাণ সংগ্রহ শুরু করেছে।

এদিকে, স্কালোনির দল এখন বিশ্বকাপ বাছাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। ২১ ও ২৫ মার্চ উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে আলবিসেলেস্তেরা। তবে তার আগে, তারা বুঝিয়ে দিল – ফুটবল শুধু খেলার জন্য নয়, মানুষের জন্যও।

Related Articles

উর্বশীকে কেন ডেকেছিলেন ফিফা সভাপতি

বলিউড থেকে বিশ্বমঞ্চ মডেল ও অভিনেত্রী উর্বশী রাউতেলা নিজের গ্ল্যামার ও উপস্থিতি দিয়ে বারবার...

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

২০২৬ ফুটবল বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স উপহার দিয়ে ফুটবল বিশ্বের নজর কেড়েছেন কেপ...

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন...

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

অসুস্থতার কারণ দেখিয়ে আগামীকাল শুক্রবারই (২৪ জুলাই) পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।...