Home জাতীয় বগুড়ায় যুক্ত হতে যাচ্ছে নতুন উপজেলা

বগুড়ায় যুক্ত হতে যাচ্ছে নতুন উপজেলা

Share

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নকে নতুন উপজেলা হিসেবে গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ইতিমধ্যে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (প্রাক-নিকার) সচিব কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন পেয়েছে।

সম্প্রতি বগুড়া সফরকালে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। তিনি জানান, প্রাক-নিকার সভায় বগুড়া সিটি করপোরেশনের পাশাপাশি মোকামতলা উপজেলা গঠনের প্রস্তাবও অনুমোদিত হয়েছে। তবে উপজেলা কমপ্লেক্স ভবনের স্থান এখনো নির্ধারণ হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মোকামতলাকে উপজেলা হিসেবে কার্যকর করতে এখনো কিছু প্রক্রিয়া বাকি রয়েছে। এর মধ্যে রয়েছে গেজেট প্রকাশ, প্রশাসনিক কাঠামো পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং আনুষ্ঠানিক উদ্বোধন। এসব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই নতুন উপজেলা হিসেবে কার্যক্রম শুরু হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদ স্বাক্ষরিত এক নোটিশে জানা গেছে, গত ১২ এপ্রিল অনুষ্ঠিত প্রাক-নিকার সচিব কমিটির সভায় বগুড়া সিটি করপোরেশন ও মোকামতলাকে উপজেলা ঘোষণাসহ আটটি প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। সেখানে মোকামতলা উপজেলা বাস্তবায়নের বিষয়টি অনুমোদন পায়।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান জানান, শিবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন মোকামতলা, দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা এবং শিবগঞ্জ সদর ইউনিয়নের একাংশ নিয়ে মোকামতলা উপজেলা গঠন করার প্রস্তাবনা দেয়া হয়েছে। এর আয়তন হবে ১২৮ দশমিক ৭৪ বর্গ কিলোমিটার। জনসংখ্যা হতে পারে দেড় লাখের মতো।

এ প্রসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম জানান, প্রাক-নিকার সভায় বগুড়া সিটি কর্পোরেশনের সঙ্গে মোকামতলা উপজেলা অনুমোদন হয়েছে। মোকামতলা উপজেলা কমপ্লেক্স ভবন কোথায় হবে তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি মোকামতলা ইউনিয়নের চাঁদপুর গ্রামের বাসিন্দা আতিকুর রহমান পাঁচটি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে আবেদন করেন। নতুন উপজেলা গঠিত হলে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা নিয়ে গঠিত হবে বগুড়া-২ আসন।

Related Articles

থানার ভেতরেই জুবায়ের-মোসাদ্দেককে পেটালেন ছাত্রদল নেতাকর্মীরা

রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতা এ...

এই প্রথম হরমুজ পার হওয়া জাহাজ থেকে টোল নিল ইরান

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পীকার হামিদরেজা হাজিবাবেই জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলা জাহাজের...

ফের বিয়ের পিঁড়িতে জেনিফার, পাত্র কে?

ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন...

শান্ত-ফিজে ভর করে কিউদের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতল বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ...