ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। মঙ্গলবার বিকেলে তিনি উপাচার্যের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। এর আগে সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১১ (২) ধারা অনুযায়ী গত ১৬ মার্চ অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
দায়িত্ব গ্রহণের সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রো-উপাচার্য উপস্থিত ছিলেন।
যোগদানের পর অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নত করা এবং বিশ্বপরিমণ্ডলে এর পরিচিতি বাড়ানো তাঁর অগ্রাধিকার।
তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব। পরিকল্পিত উদ্যোগ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বিদায়ী বক্তব্যে বলেছেন, তাঁর কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই এবং দায়িত্ব পালনকালে তিনি কোনো ছাত্রসংগঠনকে সুবিধা বা অসুবিধা দেননি।
একই সঙ্গে তিনি দাবি করেন, একটি আপৎকালীন সময়ে দায়িত্ব নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সচল করা ও প্রশাসনিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন।
নিজের দায়িত্বকালের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে নিয়াজ আহমেদ খান বলেন, প্রায় ২ হাজার ৮৪১ কোটি টাকার অধিকতর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে এবং কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬-এ ঢাকা বিশ্ববিদ্যালয় ৫৮৪তম স্থানে উন্নীত হয়েছে।
এদিকে নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা, মিষ্টি বা অন্য কোনো উপহার না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।