Home আন্তর্জাতিক জেনসেন হুয়াংকে ফিরিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে এনভিডিয়া: ট্রাম্প

জেনসেন হুয়াংকে ফিরিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে এনভিডিয়া: ট্রাম্প

Share

জেনসেন হুয়াংকে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে পুনর্বহালের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হুয়াংয়ের প্রত্যাবর্তনে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য কোনো ঝুঁকি নেই। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন।

ট্রাম্প লেখেন, ‘জেনসেন হুয়াংকে সিইও পদে ফিরিয়ে আনার বিষয়ে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ সঠিক ও যথাযথ সিদ্ধান্ত নিয়েছে। জেনসেনের এনভিডিয়ায় ফিরে আসায় জাতীয় নিরাপত্তার জন্য কোনো ঝুঁকি রয়েছে বলে বিশ্বাস করার কারণ যুক্তরাষ্ট্র সরকারের নেই।’

ব্যবসায়িক অঙ্গনে হুয়াংকে নিজের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করেন ট্রাম্প। তার পুনর্বহালের পক্ষেও অবস্থান নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে হুয়াংয়ের সঙ্গে চীনা নাগরিক অ্যালিস হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য প্রকাশের পর বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়। অ্যালিসকে সন্দেহভাজন চীনা গুপ্তচর হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে দুজনের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই।

নিজের পোস্টে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ তাকে নিশ্চিত করেছেন, জেনসেন হুয়াং কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিলেন, এমন কোনো প্রমাণ কেন্দ্রীয় সরকারের কাছে নেই।

অন্যদিকে অ্যালিস হুয়াং চীনের হয়ে কাজ করা কোনো গোয়েন্দা সম্পদ বা তথ্যদাতা ছিলেন কি না, তা নিয়ে যুক্তরাষ্ট্র সরকার তদন্ত করছে বলে জানিয়েছেন ট্রাম্প।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে সম্পর্ক চলাকালে অ্যালিস হুয়াং এক বছরের বেশি সময় ধরে চীনের শীর্ষ গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন।

হুয়াংকে পুনর্বহালের সিদ্ধান্তকে সমর্থন করলেও এনভিডিয়ার অভ্যন্তরীণ তদন্ত চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তার মতে, যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণসংক্রান্ত আইন মেনে চলার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির কোনো ঘাটতি রয়েছে কি না, তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা প্রয়োজন।

ট্রাম্প লেখেন, ‘পৃথকভাবে, যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণসংক্রান্ত আইন মেনে চলার বিষয়ে এনভিডিয়ার উচিত তাদের অভ্যন্তরীণ তদন্ত অব্যাহত রাখা। এর মাধ্যমে নিশ্চিত করতে হবে, প্রতিষ্ঠানটি জাতীয় নিরাপত্তা রক্ষায় নিজেদের আইনি বাধ্যবাধকতা ও দেশপ্রেমিক দায়িত্ব যথাযথভাবে পালন করছে।’

এনভিডিয়ার পরিচালনা পর্ষদ সোমবার সর্বসম্মতিক্রমে হুয়াংকে সিইও, প্রেসিডেন্ট ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে পুনর্বহাল করে। যুক্তরাষ্ট্র সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ও তাদের মতামত নেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

পর্ষদ জানিয়েছে, হুয়াংয়ের সঙ্গে কয়েক দফা আলোচনা ও বৈঠকের পর তার বক্তব্যের স্বচ্ছতা এবং প্রতিষ্ঠান পরিচালনার সক্ষমতা সম্পর্কে তারা সন্তুষ্ট হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া তথ্যের ভিত্তিতে তার পুনর্বহালে জাতীয় নিরাপত্তার ঝুঁকি নেই বলে নিশ্চিত হয়েছে তারা।

 

Related Articles

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একসঙ্গে মধ্যাহ্নভোজে এনসিপির প্রতিনিধিদল

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন...

সারাক্ষণ ক্লান্তি? শরীরের এই ৮টি সংকেত হতে পারে গুরুতর সমস্যার লক্ষণ!

সারাদিন কাজের পর ক্লান্তি অনুভব করা স্বাভাবিক। পর্যাপ্ত বিশ্রাম ও ঘুমের মাধ্যমে...

প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার শিল্পগোষ্ঠী এসকে গ্রুপ।...

সেন্ট্রাল আফ্রিকার শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ ৮ আইপিও মোতায়েন

জাতিসংঘের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক শান্তিরক্ষা মিশনে (মিনুস্কা) বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ আটজন ইন্ডিভিজ্যুয়াল...