কয়েক মাসের পরিশ্রম, ঋণ ও ধারদেনা করে ফসল ফলিয়েছিলেন ঝিনাইদহের কৃষকরা। স্বপ্ন ছিল পাকা ধান ঘরে তুলে ঋণ পরিশোধের পাশাপাশি পরিবারের অভাব-অনটন দূর করবেন। কিন্তু সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে টানা দুই দিনের বৃষ্টি। বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে কেটে রাখা পাকা ধান। অন্যদিকে, জমিতে পানি জমে থাকায় বন্ধ রয়েছে ধান কাটার কাজ। ফলে ফসল ঘরে তুলতে আরও কয়েক দিন দেরি হচ্ছে। এতে অনিশ্চয়তায় পড়েছেন হাজারো কৃষক।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ঝিনাইদহ জেলায় ১ লাখ ৪ হাজার ৫০৬ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এর মধ্যে এখনো ৬৮ হাজার ৯৭৪ হেক্টর জমির ধান কাটা বাকি রয়েছে। এমন পরিস্থিতিতে টানা বৃষ্টিতে মাঠের ফসল নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে,অনেকেই পাকা ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। কেউ কেউ ধান কেটে জমিতে রেখেছিলেন। কিন্তু হঠাৎ বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় কাটা ধান শুকানো ও বাড়িতে নেওয়া কঠিন হয়ে পড়েছে। কোথাও কাটা ধান পানিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবার জমিতে দাঁড়িয়ে থাকা পাকা ধানও ঝুঁকিতে রয়েছে। ধানের গুণগতমান নষ্ট হওয়া এবং ফলন হানির আশঙ্কা করছেন তারা।
কৃষক হাশেম আলী বলেন, ধারদেনা করে জমিতে ধান আবাদ করেছেন। সার, বীজ, কীটনাশক, সেচ ও শ্রমিকের পেছনে খরচ হয়েছে অনেক টাকা। এখন ধান ঘরে তোলার সময় এমন বৃষ্টিতে সব হিসাব এলোমেলো হয়ে গেছে। জমিতে পানি থাকায় শ্রমিক পাওয়া গেলেও ধান কাটার উপায় নেই। কেটে রাখা ধানও রক্ষা করা যাচ্ছে না। কয়েক দিনের বৃষ্টিতে সারা বছরের কষ্টের ফসল চোখের সামনে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তিনি।
কৃষক হোসেন শেখ বলেন, ধান ঘরে তুলতে দেরি হলে বাড়বে শ্রমিক ও পরিবহন খরচ। অন্যদিকে জমিতে পানি জমে থাকায় পরবর্তী ফসলের আবাদও পিছিয়ে যেতে পারে। ফলে একদিকে ফসলের ক্ষতি, অন্যদিকে বাড়তি উৎপাদন খরচের বোঝা নিয়ে শঙ্কায় রয়েছেন তারা।
শুধু ধান নয়, বৃষ্টিতে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে কৃষকের গো-খাদ্য নিয়েও। কৃষক মাসুদ মোল্লা জানান, কাটা ধান বৃষ্টিতে ভিজে থাকলে তা থেকে ভালো বিচুলি তৈরি করা সম্ভব হবে না। ভেজা ধান ও খড় পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে একদিকে বিচুলি বিক্রি করে বাড়তি আয় থেকে বঞ্চিত হবেন কৃষকরা, অন্যদিকে গবাদিপশুর খাদ্যসংকটও দেখা দিতে পারে। ফলে ধানের পাশাপাশি গো-খাদ্য নিয়েও নতুন করে লোকসানের শঙ্কা তৈরি হয়েছে।
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. আনিসুজ্জামান বলেন, টানা বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় ধান কাটার কাজে বিঘ্ন সৃষ্টি হয়েছে। যেসব জমির ধান পেকে গেছে, সেসব জমির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করে আবহাওয়া অনুকূলে আসার সঙ্গে সঙ্গে ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, কেটে রাখা ধান যতটা সম্ভব উঁচু ও শুকনো স্থানে সরিয়ে নিতে হবে। বৃষ্টিতে কাটা ধান ও খড় দীর্ঘসময় ভিজে থাকলে বিচুলি তৈরি ও সংরক্ষণে সমস্যা হতে পারে। এতে কৃষকদের গো-খাদ্যের সংকটের পাশাপাশি আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। কৃষকদের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে মাঠপর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।