দুইদিনের সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে তাকে বহনকারী হেলিকপ্টারটি পাবনার শহিদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করে। এসময় পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান তাকে স্বাগত জানান।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, পাবনায় পৌঁছানোর পর পাবনা সার্কিট হাউজে রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণ করেন। এরপর বেলা ১১টায় তিনি আরিফপুর কবরস্থানে গিয়ে তার মা-বাবার কবর জিয়ারত করেন। জিয়ারত শেষে রাষ্ট্রপতি তার নিজ বাসভবনে অবস্থান করবেন এবং নিকট আত্মীয়-স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর তিনি সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।
সফরের শেষ দিন রবিবার (৯ নভেম্বর) সকালে সার্কিট হাউজে পুনরায় গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে করে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।