ব্রাজিলিয়ান লিগে কঠিন সময় পার করা সান্তোস তাদের দলে নতুন চমক এনেছে। লিভারপুল ও বার্সেলোনার সাবেক অভিজ্ঞ আক্রমণাত্মক মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়োকে দলে ভিড়িয়েছে ক্লাবটি। সান্তোসে নতুন করে যোগ দেওয়ার পর ক্লাবটির ঐতিহাসিক ভিলা বেলমিরো স্টেডিয়ামে পা রাখছেন তিনি। ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম গোলডটকম এ তথ্য জানিয়েছে।
ব্রাজিলিয়ান ফুটবল ভক্তদের রোমাঞ্চিত করে কৌতিনিয়োকে দলে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে সান্তোস। ৩৪ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার ফ্রি এজেন্ট হিসেবে ক্লাবটিতে যোগ দিয়েছেন। ঘরোয়া লিগের এই সংকটময় মুহূর্তে ক্লাবটিকে বিপর্যয় থেকে রক্ষা করাই এখন তার মূল লক্ষ্য।
দলের মাঝমাঠে সৃষ্ট ঘাটতি মেটাতে কৌশলী এই চুক্তি সম্পন্ন করেছে সান্তোস কর্তৃপক্ষ। মূলত নেইমারের চোটের কারণেই আকস্মিকভাবে এই সিদ্ধান্তের ক্ষেত্র তৈরি হয়। পিএসজি ও বার্সেলোনার সাবেক এই ফরোয়ার্ড সান্তোসে ফিরেছিলেন ক্লাবটির হারানো গৌরব ফেরানোর লক্ষ্য নিয়ে। কিন্তু সম্প্রতি ডান পায়ের উরুর পেশিতে (রেকটাস ফেমোরিস) ২বি গ্রেডের গুরুতর আঘাত পান তিনি। মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে নেইমার মাঠের বাইরে ছিটকে যাওয়ায় কালক্ষেপণ না করে তার জায়গায় তার শৈশবের বন্ধুকে দলে টেনেছে ক্লাব কর্তৃপক্ষ। দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন যে, চলতি বছরের শেষ পর্যন্ত মেয়াদে এই চুক্তি সম্পন্ন হয়েছে।
ব্রাজিলিয়ান লিগে ভাস্কো দা গামার হয়ে কোতিনিয়োর সাম্প্রতিক পরিসংখ্যান খুব একটা উজ্জ্বল নয়। তিন ম্যাচে করেছেন মাত্র এক গোল। তবে তার এই সাময়িক ব্যর্থতা সত্ত্বে সান্তোস কর্তাদের বিশ্বাস, কৌতিনিয়োর অভিজ্ঞতা ও সহজাত প্রতিভা দলকে বিপদ থেকে উদ্ধার করতে সাহায্য করবে। এই ট্রান্সফারের মাধ্যমে ১৫ বছর বয়স থেকে ব্রাজিল যুব জাতীয় দলে একসঙ্গে পথচলা নেইমার ও কৌতিনিয়োর সখ্য আরও একবার নতুন মাত্রা পেল।
এদিকে সান্তোসের বর্তমান পরিস্থিতি অনেকটাই সংকটজনক। কৌতিনিয়োকে দলে নেওয়ার বিষয়টি কেবল কোনো তারকাকে দলে নেওয়ার লড়াই নয়। বরং শীর্ষ লিগে টিকে থাকার চেষ্টা। পয়েন্ট টেবিলের তলানির দিকে থাকায় অবনমনের ঝুঁকিতে রয়েছে ঐতিহ্যবাহী দলটি। লিগে টিকে থাকতে প্রতিটি পয়েন্টই এখন তাদের জন্য মহামূল্যবান।
নেইমারের অনুপস্থিতি তাদের লিগে টিকে থাকার আশাকে ফিকে করে দিয়েছিল। তবে কৌতিনিওর মতো হেভিওয়েট তারকার আগমন দলের খেলোয়াড় ও সমর্থকদের জন্য দারুণ এক অনুপ্রেরণা হতে যাচ্ছে।
সূত্র: গোলডটকম।