সকাল থেকে রাজধানীজুড়ে ছিল গরম ও ভ্যাপসা আবহাওয়া। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আকাশে বাড়তে থাকে মেঘের ঘনঘটা। সন্ধ্যায় শেষ পর্যন্ত বজ্রপাতসহ বৃষ্টিতে ভিজে যায় ঢাকার বিভিন্ন এলাকা।নগরজীবনে দীর্ঘ দিনের গরমের পর এই বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরে এসেছে । সেই সঙ্গে রাজধানীর তাপমাত্রা কমেছে প্রায় ৮ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির পর শীতল বাতাসে নগরবাসীর মনে তৈরি হয়েছে শীত আসার আগাম অনুভূতি।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টিপাত শুরু হয়। ফার্মগেট, নিউমার্কেট, পুরান ঢাকা, উত্তরা, বিমানবন্দর, মিরপুর ও সায়েদাবাদসহ ঢাকার বেশ কয়েকটি এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে।
রাজধানীর বাইরেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। গাজীপুর, নরসিংদী, চট্টগ্রাম, কিশোরগঞ্জ, বিভাগের বিভিন্ন এলাকা এবং কক্সবাজারেও বৃষ্টির খবর পাওয়া যায়। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হয়েছে। সারাদিনের তীব্র গরমের পর হঠাৎ এই বৃষ্টিতে স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষেরা।
আবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৫৬ শতাংশ। এদিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টা ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে কোথাও কোথাও সাময়িকভাবে আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার পাশাপাশি হালকা বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ সময় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দমকা হাওয়ার কারণে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। তাপমাত্রা রাতের দিকে কিছুটা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এর আগে সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে এবং ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
দেশের বাকি এলাকায় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
নভেম্বর মাসে বৃষ্টিপাতের বিষয়টি আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে খুব একটা অস্বাভাবিক নয়। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ঋতু পরিবর্তনের স্বাভাবিক প্রক্রিয়ায় এ সময় বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ কিংবা লঘুচাপের প্রভাবে আকাশে মেঘ জমে বৃষ্টিপাত হতে পারে। সাধারণত নভেম্বরের এমন বৃষ্টির পর তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে। প্রকৃতিতে বাড়তে শুরু করে শীতের আমেজ।
তবে ‘নভেম্বর রেইন’ শব্দটির সঙ্গে শুধু প্রকৃতির বৃষ্টির সম্পর্ক নয়, সংগীতজগতেরও রয়েছে বিশেষ যোগসূত্র। বিশ্বখ্যাত মার্কিন রক ব্যান্ড গানস এন’ রোজেসের অন্যতম জনপ্রিয় ও কালজয়ী গানের নাম ‘November Rain’। ১৯৯১ সালে প্রকাশিত ব্যান্ডটির ‘Use Your Illusion I’ অ্যালবামে গানটি অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তী সময়ে ১৯৯২ সালে এটি একক গান হিসেবেও প্রকাশিত হয়।
হার্ড রক ও ক্ল্যাসিক রকের সমন্বয়ে তৈরি এই পাওয়ার ব্যালাড নব্বইয়ের দশকে বিশ্বজুড়ে শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। গানটির বিশেষ একটি পঙ্ক্তি—‘Nothin’ lasts forever,…even cold November rain’ আজও সংগীতপ্রেমীদের কাছে বেশ পরিচিত।
প্রকাশের কয়েক দশক পেরিয়ে গেলেও গানটির আবেদন এখনো অটুট রয়েছে। তাই নভেম্বরের বৃষ্টি শুধু প্রকৃতিতেই শীতলতার বার্তা নিয়ে আসে না, একই সঙ্গে সংগীতপ্রেমীদের মনেও জাগিয়ে তোলে গানস এন’ রোজেসের সেই স্মরণীয় সুর।