আপনি রাতজাগা মানুষ হন, কিংবা দ্রুত ঘুমিয়ে পড়ার অভ্যাস থাক-ঘুমাতে যাওয়ার সময় আপনার ঘুমের মানের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। খুব তাড়াতাড়ি বিছানায় গেলে ঘণ্টার পর ঘণ্টা জেগে থাকতে হতে পারে। আবার অনেক রাত করে ঘুমাতে গেলে পরদিনের কাজকর্ম কঠিন হয়ে উঠতে পারে।
উজ্জ্বল আলো ও রাতে মুঠোফোনে দীর্ঘ সময় স্ক্রল করার অভ্যাসও নির্ধারিত সময়ের পর জেগে থাকার অন্যতম কারণ। ভালো ঘুমের জন্য ঠিক কখন ঘরের সব আলো নিভিয়ে দেওয়া উচিত, তা জানতে ঘুম বিশেষজ্ঞরা তাদের মতামত জানিয়েছেন।
ভালো ঘুমের জন্য কখন আলো নিভিয়ে দেওয়া উচিত?
মনোবিজ্ঞানী ও ঘুম বিশেষজ্ঞ ড্যানিয়েলা মারকেত্তি বলেন, প্রতিদিন ঘুমাতে যাওয়ার জন্য নির্দিষ্ট কোনো ‘আদর্শ সময়’ নেই। বরং প্রত্যেকের জন্য ঘুমানোর উপযুক্ত সময় আলাদা। তার ভাষায়, ‘সবার জন্য প্রযোজ্য এমন কোনো নির্দিষ্ট সময় নেই। কখন ঘুম থেকে উঠতে হয়, শরীরের স্বাভাবিক সার্কাডিয়ান ছন্দ এবং ঘুমের চাপ কতটা কাজ করছে-এসবের ওপর তা নির্ভর করে।’
ঘুমানোর উপযুক্ত সময় বুঝতে না পারলে প্রথমে খেয়াল করুন, কখন আপনার ঘুম পায়। মারকেত্তি বলেন, ‘ঘুমানোর আদর্শ সময় চেনার সবচেয়ে ভালো উপায় হলো, কখন সত্যিই ঘুম পাচ্ছে, তা খেয়াল করা। বেশির ভাগ মানুষ কখন ঘুম থেকে উঠতে হবে, তা হিসাব করে আট ঘণ্টা পেছনে ঘুমানোর সময় নির্ধারণ করেন। কিন্তু এই পদ্ধতি খুব কম ক্ষেত্রেই কার্যকর হয়।’
ক্লান্তি ও ঘুম পাওয়া এক বিষয় নয়। ঘুমানোর উপযুক্ত সময় বুঝতে এই দুই অনুভূতির পার্থক্য জানা জরুরি। মারকেত্তির মতে, ক্লান্তি বা অবসাদ মানে শরীরের বিশ্রামের প্রয়োজন অনুভব করা। অন্যদিকে ঘুম পাওয়া একটি অনিচ্ছাকৃত শারীরিক প্রতিক্রিয়া। এ সময় চোখ বন্ধ হয়ে আসে, মাথা ঝুঁকে পড়ে কিংবা পড়ার সময় মনোযোগ ধরে রাখা কঠিন হয়। তিনি বলেন, ‘যখন সত্যিকারের ঘুম পাবে, সেটিই আপনার ঘুমানোর আদর্শ সময়।’
মারকেত্তি জানান, অন্ধকার নামার পর শরীরে মেলাটোনিন হরমোন নিঃসরণ শুরু হয়। এ কারণে তিনি ঘুমানোর নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগে থেকেই ঘরের পরিবেশ রাতের উপযোগী করে তোলার পরামর্শ দেন।
তার ভাষায়, ‘ঘুমের প্রস্তুতি নিতে কিছু সচেতন অভ্যাস শুরু করুন। যেমন-ঘরের আলো কমিয়ে দেওয়া, রান্নাঘরের কাজ শেষ করা, ভারী ব্যায়াম না করা এবং ফোনের পর্দার দিকে তাকিয়ে থাকার সময় কমানো। এতে দিনের কাজ থেকে রাতের বিশ্রামের জন্য শরীর পর্যাপ্ত সময় পায়। ফলে ঘুমানোর নির্ধারিত সময়ের মধ্যে শরীর ও মন শান্ত হয়ে আসে।’
ঘুমানোর সময় যেভাবে ঘুমের মানকে প্রভাবিত করে
মারকেত্তির মতে, ঘুম পেলে বিছানায় গেলে দীর্ঘ সময় ঘুমানো সম্ভব হয়। পাশাপাশি রাতে ঘুম ভেঙে যাওয়ার প্রবণতাও কমে।
তিনি বলেন, ‘সঠিক সময়ে ঘুমাতে গেলে প্রয়োজনীয় সময় ঘুমানোর সুযোগ তৈরি হয়। ঘুম না পাওয়া অবস্থায় খুব তাড়াতাড়ি বিছানায় গেলে কিংবা ঘুমের উপযুক্ত সময় পেরিয়ে যাওয়ার পর ঘুমাতে গেলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। বারবার ঘুম ভেঙে যেতে পারে অথবা বিছানায় জেগে থাকার সময় বেড়ে যেতে পারে।’
এভাবে ঘুমানোর অভ্যাস ঘুমের মানও ভালো করে। মারকেত্তি বলেন, ‘ঘুমের সময়ের মতো ঘুমের মানও সমান গুরুত্বপূর্ণ। জোর করে ঘুমানো যায় না। তাই যখন সত্যিই ঘুম পায়, তখন ঘুমাতে গেলে পর্যাপ্ত সময় ঘুমানোর পাশাপাশি ঘুমের মানও ভালো হতে পারে।’
ঘুমের মান ভালো রাখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো নিয়মিত ঘুমের অভ্যাস। প্রতিদিন প্রায় একই সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠা ভালো ঘুমে সহায়তা করে। তবে এ ক্ষেত্রে শরীরের স্বাভাবিক ঘুমের সময়কে গুরুত্ব দিতে হবে।
মারকেত্তি বলেন, ‘প্রতিদিন একই সময়ে ঘুম থেকে ওঠা এবং আলোতে থাকা, খাবার খাওয়া, ব্যায়াম ও সামাজিক কর্মকাণ্ডের সময় নিয়মিত রাখলে শরীর বুঝতে পারে কখন জেগে থাকতে হবে আর কখন ঘুমাতে হবে।’
সূত্র: রিয়েল সিম্পল