Home জাতীয় বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই: প্রতিমন্ত্রী শাহে আলম

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই: প্রতিমন্ত্রী শাহে আলম

Share

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ না হওয়া পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে আইনি বা নীতিগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত সম্মেলনে তিনি এ কথা বলেন।

শিক্ষকদের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন শিক্ষকতা এমন একটি পেশা, যে পেশা পৃথিবীর সমস্ত পেশাকে সৃষ্টি করে। সারাদেশে আমরা যারা বিভিন্ন পেশায় জড়িত আছি, সবাই কিন্তু একাডেমিক স্বীকৃতি নিয়ে আপনাদের মাধ্যমে পড়াশোনা শিখে আজকে এই সমস্ত পেশার সৃষ্টি হয়েছে।’

তিনি বলেন, ‘অথচ বহু আন্দোলন হয়েছে, বহু কথা হয়েছে, পক্ষ-বিপক্ষ মতভেদ হয়েছে। কিন্তু স্বাধীনতার এই ৫৬ বছর পর এসেও সমাজের সম্মানিত শিক্ষকদের রোদ-বৃষ্টি উপেক্ষা করে তাদের দাবির জন্য রাস্তায় দাঁড়াতে হয়, দাবি জানাতে হয়। পৃথিবীর সমস্ত দেশে শিক্ষকদের যেভাবে সম্মানিত করা হয়, যেভাবে বেতন-ভাতা দিয়ে সম্মানিত করা হয়, আমাদের দেশে শুরু থেকেই সেই জায়গায় বড় ধরনের একটি ঘাটতি রয়ে গেছে।’

বিএনপি সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে শাহে আলম বলেন, ‘আজকে আপনারা জানেন, দীর্ঘদিনের আন্দোলনের ফসল হিসেবে একটি স্বৈরাচারী জগদ্দল পাথর এদেশের মানুষের বুকের ওপর থেকে নেমে গেছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ২০ বছর পর আপনাদের ভোটে, আপনাদের সহযোগিতায় টু-থার্ড মেজরিটি নিয়ে বিএনপি তথা তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সরকারের বয়স কেবল সাত মাস।’

তিনি বলেন, ‘সাত মাসে আপনাদের এবং আপনাদের নেতা সেলিম ভূঁইয়ার পরামর্শ নিয়ে শিক্ষাখাতকে পুনরুজ্জীবিত করার জন্য এই সরকার বহুমাত্রিক চেষ্টা করছে। ইতোমধ্যেই আপনাদের অবসর ভাতা বা পেনশন ভাতা, যেটাই বলা হোক, ২০২২ থেকে ২০২৬ পর্যন্ত প্রধানমন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে আপনাদের নেতার কথা ও পরামর্শ অনুযায়ী ২ হাজার কোটি টাকার একটি ফান্ড তৈরি করে প্রায় এক লাখ শিক্ষক-শিক্ষিকার হাতে টাকা তুলে দেওয়া হয়েছে। এখানে কিছুটা ব্যত্যয় হয়েছে। ২০২৬ সালে যারা অবসরে গেছেন, তারা লাভবান হয়েছেন; ২০২২ সালে যারা গেছেন, তারা তুলনামূলকভাবে কম লাভবান হয়েছেন।’

এ বিষয়ে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘এই বিষয়টা আমাদের উপলব্ধির মধ্যে আছে। আমরা এটা নিয়ে কাজ করছি। সমঅধিকার এবং সমভাবে যাতে আপনারা পান, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।’

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণের দাবি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের দীর্ঘদিনের দাবি হচ্ছে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ। আমি তো আপনাদেরই, আমি আপনাদের সাবেক সহকর্মী। এই দাবি তো আমারও। কিন্তু এই দাবি বাস্তবায়নের জন্য বা এই দাবি আদায়ের জন্য আজকের যে ফোরাম, এই ফোরাম হচ্ছে—ওয়ার্মআপের খেলোয়াড়রা যেমন মাঠে খেলার আগে ৩০-৪৫ মিনিট প্র্যাকটিস করে, তারপর জার্সি পরে খেলতে নামে—আজকের এই সভা কিন্তু আপনাদের প্র্যাকটিস ম্যাচ।’

জাতীয়করণের দাবিতে বড় পরিসরে সমাবেশের আহ্বান জানিয়ে মীর শাহে আলম বলেন, ‘আপনাদের বড় পরিসরে একটু জাতীয় সমাবেশ করতে হবে। সেই সমাবেশে প্রধানমন্ত্রীকে প্রধান অতিথি করে অনুষ্ঠান করতে পারেন। বেশি হইচই না করে ঠাণ্ডা মাথায় প্রধানমন্ত্রীকে বুঝিয়ে বললেই আমার মনে হয় আপনাদের জাতীয়করণের জন্য বছরে মাত্র ৭০০ থেকে ৮০০ কোটি টাকার প্রয়োজন হবে। এটা খুব বেশি টাকা নয়। আমরা যদি সবাই মিলে প্রধানমন্ত্রীকে বুঝিয়ে বলতে পারি; উনি মানবিক প্রধানমন্ত্রী, উনি গণতান্ত্রিক প্রধানমন্ত্রী—উনি অবশ্যই সারা বাংলাদেশের এই শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করবেন।’

তিনি আরও বলেন, ‘হয়তোবা উনার হৃদয় থেকে জাতীয়করণের ঘোষণা আসতেও পারে।’

শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘একজন শিক্ষক দাবিতে বললেন, শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। আবার উনি বলছেন, শিক্ষকদের জাতীয়করণ করতে হবে। তাহলে নির্বাচন করবেন না জাতীয়করণ নেবেন? দুটিই হবে। এই মুহূর্তে দুটিই হবে।’

এরপর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী হিসেবে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ‘আমি এইটুকু বলতে চাই, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী হিসেবে যতক্ষণ পর্যন্ত বেসরকারি শিক্ষকরা জাতীয়করণ না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে আপনাদের কোনো বাধা নেই।’

Related Articles

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডডের চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান...

মেসিই হবেন আর্জেন্টিনার পরবর্তী প্রেসিডেন্ট!

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। মাঠ ছাড়ার পরই তাকে ঘিরে উঠেছে...

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর মারা গেছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে তার...

বাংলাদেশে হচ্ছে টয়োটার গাড়ি উৎপাদন কারখানা, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদের সাক্ষাৎ

বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনার কথা প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানিয়েছে টয়োটা...