Home প্রচ্ছদ আজ রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণা করুন: আব্দুল্লাহ তাহের

আজ রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণা করুন: আব্দুল্লাহ তাহের

Share

অন্তর্বর্তী সরকারকে বৃহস্পতিবার রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

রাজধানীর মগবাজারে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘বিএনপি বলছে, কোনো ভাবেই গণভোট মানবে না। তাই অন্তর্বর্তী সরকারকে অনতিবিলম্বে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে। আর সময়ক্ষেপণ না করে আজই ঘোষণা করুন। রাতের বেলায়ও অনেক আদেশ জারি করা যায়।’

মোহাম্মদ তাহের বলেন, আদেশ জারি না করলে আপনার (অন্তর্বর্তী সরকার) ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলবে। যদি আস্থা হারিয়ে ফেলে তাহলে জাতীয় নির্বাচন করাটা প্রশ্নবিদ্ধ হবে। এই নায়েবে আমির আরও বলেন, জুলাই জাতীয় সনদ ও গণভোটের ওপর জাতীয় ঐকমত্য কমিশন যে আদেশ জারির সুপারিশ করেছে তা আজ রাত অথবা আগামীকালের মধ্যেই বাস্তবায়ন করতে হবে।

মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে হওয়া সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চান গণভোট না হলে জামায়াতের পরবর্তী কর্মসূচি কী হবে? জবাবে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা আন্দোলনের মধ্যেই আছি। আজ রাতের মধ্যেই দেখি করবে কি না। কালও সময় আছে। বাকিটা কাল দেখা যাবে।

জামায়াতের এই নেতার অভিযোগ, গণভোটকে গলা টিপে হত্যা করতেই বিএনপি নির্বাচনের দিন গণভোট চায়। তাদের আচরণ হচ্ছে, তারা যেখানে লাভবান হবে সেই হিসাব করে সংস্কার চায়।

আব্দুল্লাহ তাহের বলেন, সময়ক্ষেপণ করতে করতে একটা সময় যদি বলা হয় গণভোটের সময় নেই, তাহলে এটা হবে প্রতারণা। প্রতিটি দিন ও ঘন্টা এখন গুরুত্বপূর্ণ।

জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে হতে পারে না উল্লেখ করে জামায়াতের এই নায়েবে আমির বলেন, ঐকমত্য কমিশন প্রতিটি বিষয়ে সবাইকে একমত করতে চেয়েছিল। ৬০ শতাংশ বিষয়ে সবাই একমত হয়েছে। সব দলের ঐক্যের ভিত্তিতে কমিশন সিদ্ধান্ত দিয়েছে। আমরা বারবার বলে আসছি, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন চাই। যে সংস্কার প্রস্তাব দিয়েছে, সেটার পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই। গণভোটও আমরা জাতীয় নির্বাচনের আগে চাই। গণভোটের রায়ের ভিত্তিতে নির্বাচন চাই। এবং এ ব্যাপারে নিশ্চয়তাও চাই।

সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নায়েবে আমির মুজিবুর রহমান, সহকারি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এটিএম মাছুম এবং কেন্দ্রীয় প্রচার ও গণমাধ্যম শাখার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।

Related Articles

ভারত থেকে ২ দিনে এলো ৫ হাজার টন ডিজেল

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে ডিজেল...

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

শপথ নিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার...

ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়ে বাংলাদেশের চিঠি

মধ্যপ্রাচ্যে সংঘাতে বিশ্বজুড়ে সৃষ্ট অস্থিরতার মধ্যে জ্বালানি সহায়তা চেয়ে ভারতকে বাংলাদেশ সরকার...