বলিউড অভিনেতা সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের পুরোনো সম্পর্কের নানা ঘটনা আবারও আলোচনায় এসেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে কেতন কারান্দে সাবেক এই তারকা জুটির সম্পর্কের টানাপোড়েন এবং ঐশ্বরিয়ার নিরাপত্তার দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরেন। ঐশ্বরিয়ার সাবেক দেহরক্ষী কেতন কারান্দে জানিয়েছেন, একসময় সালমানের কাছ থেকে নিরাপদে থাকতে ঐশ্বরিয়াকে সুরক্ষা দিতে তাঁকে সাত দিনের জন্য নিয়োগ করা হয়েছিল।
২০০২ সালে রোহন সিপ্পির পরিচালনায় ‘কুছ না কাহো’ সিনেমার শুটিং করছিলেন ঐশ্বরিয়া। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন। সাংবাদিক কাভেরী বামজাইয়ের লেখা ‘দ্য থ্রি খানস: অ্যান্ড দ্য ইমার্জেন্স অব নিউ ইন্ডিয়া’ বইয়ে উল্লেখ করা হয়েছে, অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার অভিনয় মেনে নিতে পারেননি সালমান খান।
সেই সময়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে কেতন কারান্দে ‘আর্ট মিডিয়া এন্টারটেইনমেন্ট’ নামের একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, সালমানের কারণে ঐশ্বরিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে তাঁকে দেহরক্ষী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। সাত দিনের জন্য তাঁর দায়িত্ব ছিল অভিনেত্রীকে নিরাপদ রাখা।
কেতনের ভাষ্য অনুযায়ী, ঐশ্বরিয়াকে বাসা থেকে নিয়ে শুটিংয়ে পৌঁছে দেওয়া এবং কাজ শেষে নিরাপদে ফিরিয়ে আনা ছিল তাঁর প্রধান দায়িত্ব। একদিন একটি ফ্যাশন শোতে অংশ নেওয়ার পর ফেরার পথে সালমানের মুখোমুখি হন তাঁরা। সালমানের আচরণে বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে—এমন আশঙ্কায় ঐশ্বরিয়াকে নিরাপত্তা দেওয়া হচ্ছিল বলে জানান তিনি।
কেতন আরও জানান, সালমান খান অনেক সময় মদ্যপ অবস্থায় বিভিন্ন অনুষ্ঠানে হাজির হতেন। এমন পরিস্থিতিতে কোনো ধরনের ঝামেলায় না জড়িয়ে ঐশ্বরিয়াকে নিয়ে দ্রুত সেখান থেকে সরে যাওয়াই ছিল তাঁদের কৌশল। ফ্যাশন শো শেষে ফেরার পথে সালমানকে সামনে দেখে তিনিও বেশ ঘাবড়ে গিয়েছিলেন।
ওই ঘটনার পরপরই দেহরক্ষীর চাকরি ছেড়ে দেন কেতন কারান্দে। চাকরি ছাড়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, সালমান খান ও ঐশ্বরিয়া রাই—দুজনেরই ভক্ত ছিলেন তিনি। তাই তাঁদের ব্যক্তিগত সম্পর্কের জটিলতা ও দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে পড়তে চাননি। এ কারণেই শেষ পর্যন্ত দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
সালমান ও ঐশ্বরিয়ার সম্পর্কের টানাপোড়েন নিয়ে এর আগেও নানা ঘটনা প্রকাশ্যে এসেছে। কাভেরী বামজাইয়ের বইয়ে শাহরুখ খানের ‘চলতে চলতে’ সিনেমার শুটিংয়ে সালমানের উপস্থিতি ঘিরে একটি ঘটনার উল্লেখ রয়েছে। বইয়ের বর্ণনা অনুযায়ী, শুটিং সেটে গিয়ে সালমান কাজ বন্ধ করে দেন এবং প্রায় সাড়ে চার ঘণ্টা অস্থির পরিস্থিতি তৈরি করেন। এতে পরিচালক আজিজ মির্জা সিনেমাটির কাজ বন্ধ করতে বাধ্য হন।
সেই ঘটনার প্রভাব ‘চলতে চলতে’ সিনেমা থেকে ঐশ্বরিয়ার বাদ পড়ার পাশাপাশি শাহরুখের ‘বীর-জারা’ ও ‘ম্যায় হুঁ না’ সিনেমার কাজেও পড়েছিল বলে বইটিতে উল্লেখ করা হয়েছে।
সালমান ও ঐশ্বরিয়া একসঙ্গে ‘হাম দিল দে চুকে সনম’ (১৯৯৯), ‘ঢাই অক্ষর প্রেম কে’ (২০০০) এবং ‘হাম তুমহারে হ্যায় সনম’ (২০০২) সিনেমায় অভিনয় করেছেন। সর্বশেষ ২০২৩ সালে মণি রত্নম পরিচালিত ‘পন্নিয়িন সেলভান: পার্ট টু’ সিনেমায় নন্দিনী চরিত্রে বড় পর্দায় দেখা যায় ঐশ্বরিয়াকে। অন্যদিকে, সালমান খান বর্তমানে তাঁর নতুন সিনেমা ‘মাতৃভূমি’ নিয়ে ব্যস্ত রয়েছেন।