Home প্রচ্ছদ সারাক্ষণ ক্লান্তি? শরীরের এই ৮টি সংকেত হতে পারে গুরুতর সমস্যার লক্ষণ!

সারাক্ষণ ক্লান্তি? শরীরের এই ৮টি সংকেত হতে পারে গুরুতর সমস্যার লক্ষণ!

Share

সারাদিন কাজের পর ক্লান্তি অনুভব করা স্বাভাবিক। পর্যাপ্ত বিশ্রাম ও ঘুমের মাধ্যমে সাধারণত এই ক্লান্তি দূর হয়ে যায়। তবে কোনো ভারী কাজ না করেও যদি প্রায়ই শরীর অবসন্ন লাগে, ঘুম থেকে ওঠার পরও ক্লান্তি না কাটে কিংবা দৈনন্দিন কাজ করতে আগের তুলনায় বেশি কষ্ট হয়, তাহলে বিষয়টি অবহেলা করা উচিত নয়।

কারণ, দীর্ঘস্থায়ী ক্লান্তি শুধু ব্যস্ততা বা ঘুমের অভাবের কারণে হয় না। এর পেছনে থাকতে পারে রক্তস্বল্পতা, ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা, শরীরে প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি কিংবা ঘুমের বিভিন্ন ব্যাধি। তাই দীর্ঘদিন ধরে এমন সমস্যা দেখা দিলে এর প্রকৃত কারণ খুঁজে বের করা জরুরি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি হেলথের এক প্রতিবেদনে চিকিৎসক জাভেদ শাহ জানিয়েছেন, দীর্ঘস্থায়ী ক্লান্তি নিজে কোনো রোগ নয়; বরং বিভিন্ন শারীরিক সমস্যার উপসর্গ হতে পারে।

যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএসও বলছে, কয়েক সপ্তাহ ধরে অকারণে ক্লান্তি চলতে থাকলে কিংবা তা দৈনন্দিন জীবনে প্রভাব ফেললে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। শরীরের সঙ্গে দেখা দেওয়া কিছু লক্ষণ সম্ভাব্য কারণ সম্পর্কে ধারণা দিতে পারে। তাই ক্লান্তির পাশাপাশি নিচের আটটি সংকেতের কোনোটি দেখা দিলে সতর্ক হওয়া জরুরি।

১. পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি না কমা

রাতে পর্যাপ্ত ঘুমানোর পরও সকালে ঘুমঘুম ভাব থাকা, সারাদিন শক্তি না পাওয়া কিংবা অল্পতেই অবসন্ন হয়ে পড়া সাধারণ ক্লান্তির চেয়ে ভিন্ন হতে পারে। ঘুমের সময় বারবার জেগে ওঠা, রাতে নাক ডাকা বা শ্বাস আটকে আসার মতো সমস্যা ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট করতে পারে। এনএইচএসের তথ্য অনুযায়ী, ঘুমের মধ্যে হাঁপানোর মতো শব্দ, দম আটকে আসা এবং জোরে নাক ডাকার সঙ্গে দিনের বেলায় অতিরিক্ত ক্লান্তি থাকলে স্লিপ অ্যাপনিয়ার সম্ভাবনা বিবেচনা করা হয়। এ ধরনের সমস্যা নিয়মিত হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

২. অল্প কাজেই হাঁপিয়ে ওঠা বা শ্বাসকষ্ট হওয়া

আগে যে কাজ সহজেই করতে পারতেন, এখন সামান্য হাঁটাচলা বা সিঁড়ি ভাঙতেই যদি হাঁপিয়ে ওঠেন, তাহলে সেটিকে শুধু শারীরিক দুর্বলতা ভেবে এড়িয়ে যাওয়া ঠিক নয়। ক্লান্তির সঙ্গে শ্বাসকষ্ট দেখা দিলে রক্তস্বল্পতা কিংবা হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যার মতো কারণও বিবেচনায় আসতে পারে।

চিকিৎসাবিষয়ক রেফারেন্স গ্রন্থ মার্ক ম্যানুয়ালের তথ্য অনুযায়ী, পরিশ্রমের সময় শ্বাসকষ্ট ও কর্মক্ষমতা কমে যাওয়া হৃদ্‌যন্ত্র বা ফুসফুসের সমস্যার প্রাথমিক ইঙ্গিত হতে পারে। বিশেষ করে শ্বাসকষ্ট নতুন করে শুরু হলে বা বাড়তে থাকলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।

৩. মাথা ঘোরা, দুর্বলতা ও ফ্যাকাশে ভাব

সারাক্ষণ ক্লান্তির পাশাপাশি মাথা ঘোরা, শরীরে শক্তি না পাওয়া কিংবা ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে রক্তস্বল্পতার বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। শরীরে আয়রনের ঘাটতি হলে আয়রন-স্বল্পতাজনিত রক্তস্বল্পতা হতে পারে। এতে ক্লান্তি, দুর্বলতা, বুক ধড়ফড় করা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিতে পারে। এনএইচএসের তথ্যেও ক্লান্তির সঙ্গে বুক ধড়ফড়, শ্বাসকষ্ট ও ফ্যাকাশে ত্বককে আয়রন-স্বল্পতাজনিত রক্তস্বল্পতার সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এসব উপসর্গ থাকলেই রক্তস্বল্পতা হয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। প্রয়োজন অনুযায়ী রক্ত পরীক্ষা করে কারণ নির্ণয় করতে হয়।

৪. বুক ধড়ফড় করা বা হৃৎস্পন্দন অস্বাভাবিক মনে হওয়া

ক্লান্তির সঙ্গে হঠাৎ বুক ধড়ফড় করা, হৃৎস্পন্দন বেড়ে যাওয়া কিংবা স্বাভাবিকের চেয়ে অনিয়মিত মনে হওয়াও গুরুত্বের সঙ্গে দেখা উচিত। রক্তস্বল্পতা, থাইরয়েডের সমস্যা কিংবা হৃদ্‌যন্ত্রের কিছু সমস্যার সঙ্গে এ ধরনের উপসর্গ থাকতে পারে। এনএইচএস রক্তস্বল্পতার সম্ভাব্য লক্ষণের মধ্যে বুক ধড়ফড়ের কথা বলেছে। অন্যদিকে এনডিটিভির প্রতিবেদনে দীর্ঘস্থায়ী ক্লান্তির সম্ভাব্য কারণ হিসেবে হৃদ্‌রোগের কথাও উল্লেখ করা হয়েছে। বুক ধড়ফড়ের সঙ্গে বুকে ব্যথা, শ্বাসকষ্ট বা অজ্ঞান হওয়ার মতো অবস্থা দেখা দিলে জরুরি চিকিৎসা নিতে হবে।

৫. অকারণে ওজন কমে যাওয়া

খাদ্যাভ্যাস বা শরীরচর্চায় বড় কোনো পরিবর্তন না এনেও যদি ওজন কমতে থাকে এবং একই সঙ্গে দীর্ঘদিন ক্লান্তি অনুভূত হয়, তাহলে বিষয়টি অবহেলা করা উচিত নয়। দীর্ঘস্থায়ী সংক্রমণ, ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা কিংবা অন্য কোনো শারীরিক অসুস্থতার সঙ্গে ওজন কমে যাওয়ার সম্পর্ক থাকতে পারে। এনডিটিভির প্রতিবেদনে চিকিৎসক জাভেদ শাহ দীর্ঘস্থায়ী ক্লান্তির সম্ভাব্য কারণ হিসেবে থাইরয়েডের সমস্যা, ডায়াবেটিস ও দীর্ঘস্থায়ী সংক্রমণের কথা উল্লেখ করেছেন। মার্ক ম্যানুয়ালও ক্লান্তির সঙ্গে অনিচ্ছাকৃত ওজন কমে যাওয়াকে সতর্কতামূলক লক্ষণ হিসেবে চিহ্নিত করেছে।

৬. অতিরিক্ত তৃষ্ণা ও ঘন ঘন প্রস্রাব

বারবার পানি পান করার প্রয়োজন হওয়া, স্বাভাবিকের চেয়ে বেশি প্রস্রাব হওয়া এবং একই সঙ্গে ক্লান্তি অনুভূত হওয়া ডায়াবেটিসের সম্ভাব্য লক্ষণ হতে পারে। বিশেষ করে রাতে ঘন ঘন প্রস্রাবের জন্য ঘুম ভেঙে গেলে দিনের বেলায়ও অবসন্নতা বাড়তে পারে। এনএইচএসের তথ্য অনুযায়ী, অতিরিক্ত ক্লান্তির সঙ্গে বেশি তৃষ্ণা, ঘন ঘন প্রস্রাব এবং ওজন কমে যাওয়ার মতো লক্ষণ থাকলে ডায়াবেটিসের বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। এসব লক্ষণ দেখা দিলে রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করানো জরুরি।

৭. মনোযোগ ও স্মৃতিশক্তিতে সমস্যা

ক্লান্তির প্রভাব শুধু শরীরেই সীমাবদ্ধ থাকে না, মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমেও পড়তে পারে। দীর্ঘদিন অবসন্ন থাকলে কাজে মনোযোগ ধরে রাখা, সিদ্ধান্ত নেওয়া কিংবা সাম্প্রতিক ঘটনা মনে রাখার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘস্থায়ী ক্লান্তি মনোযোগ, স্মৃতিশক্তি ও সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতায় প্রভাব ফেলতে পারে। মার্ক ম্যানুয়ালেও দীর্ঘস্থায়ী ক্লান্তির সঙ্গে চিন্তাভাবনা, স্মৃতি ও মনোযোগের সমস্যার সম্পর্ক তুলে ধরা হয়েছে। এসব সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে এর কারণ খুঁজে দেখা প্রয়োজন।

৮. পেশিতে ব্যথা বা অস্বাভাবিক দুর্বলতা

ক্লান্তির পাশাপাশি পেশিতে ব্যথা, শরীরের বিভিন্ন স্থানে অস্বস্তি কিংবা পেশির শক্তি কমে যাওয়ার অনুভূতি দেখা দিলে সেটিও গুরুত্বের সঙ্গে নিতে হবে। কিছু দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যা, সংক্রমণ কিংবা দীর্ঘমেয়াদি ক্লান্তিজনিত অবস্থার সঙ্গে এ ধরনের উপসর্গ থাকতে পারে। মার্ক ম্যানুয়ালের তথ্য অনুযায়ী, ক্লান্তির সঙ্গে পেশির দুর্বলতা বা ব্যথা থাকলে চিকিৎসকের মূল্যায়ন প্রয়োজন। বিশেষ করে আগে স্বাভাবিকভাবে করা কাজ এখন পেশির দুর্বলতার কারণে করতে না পারলে দেরি না করে চিকিৎসা নেওয়া উচিত।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?

মাঝেমধ্যে ক্লান্ত লাগা স্বাভাবিক। পর্যাপ্ত ঘুম না হওয়া, মানসিক চাপ, অনিয়মিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম কিংবা জীবনযাপনের নানা কারণে এমন হতে পারে। তবে ক্লান্তি কয়েক সপ্তাহ ধরে চলতে থাকলে, বিশ্রাম নেওয়ার পরও না কমলে কিংবা দৈনন্দিন কাজকর্মে বাধা সৃষ্টি করলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এনএইচএসের পরামর্শ অনুযায়ী, অকারণে কয়েক সপ্তাহ ক্লান্ত থাকলে বা ক্লান্তির সঙ্গে ওজন কমে যাওয়া ও মেজাজের পরিবর্তনের মতো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের কাছে যাওয়া উচিত।

চিকিৎসক প্রয়োজন অনুযায়ী শারীরিক পরীক্ষা ও রক্ত পরীক্ষার পরামর্শ দিতে পারেন। এনএইচএসের তথ্য অনুযায়ী, রক্তস্বল্পতা, ডায়াবেটিস কিংবা থাইরয়েডের অতিসক্রিয়তা যাচাই করতে রক্ত পরীক্ষা প্রয়োজন হতে পারে। ক্লান্তির কারণ অনুযায়ী চিকিৎসাও ভিন্ন হয়। তাই নিজে থেকে ভিটামিন, আয়রন বা অন্য কোনো ওষুধ খাওয়া ঠিক নয়।

তবে ক্লান্তির সঙ্গে বুকে ব্যথা, তীব্র শ্বাসকষ্ট, অজ্ঞান হয়ে যাওয়া, হঠাৎ বিভ্রান্তি কিংবা আকস্মিক গুরুতর দুর্বলতা দেখা দিলে জরুরি চিকিৎসা নিতে হবে। মার্ক ম্যানুয়াল ও এনডিটিভির স্বাস্থ্যবিষয়ক প্রতিবেদনেও এ ধরনের উপসর্গকে দ্রুত চিকিৎসা নেওয়ার সতর্কসংকেত হিসেবে উল্লেখ করা হয়েছে।

ক্লান্তি কমাতে জীবনযাপনে যা জরুরি

ক্লান্তির পেছনে কোনো রোগ না থাকলেও অনিয়মিত জীবনযাপন এর কারণ হতে পারে। তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, সুষম খাবার খাওয়া এবং নিয়মিত

শারীরিকভাবে সুস্থ থাকতে নিয়মিত সক্রিয় থাকার পাশাপাশি ঘুম ও খাদ্যাভ্যাসের দিকেও নজর দেওয়া জরুরি। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএসের পরামর্শ অনুযায়ী, প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া, ছয় থেকে নয় ঘণ্টা ঘুমের লক্ষ্য রাখা, পুষ্টিকর খাবার খাওয়া এবং নিয়মিত ব্যায়াম করা উচিত। এ ছাড়া ঘুমানোর আগে অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ এবং দীর্ঘক্ষণ মোবাইল ফোনের পর্দায় তাকিয়ে থাকার অভ্যাস কমানোও উপকারী হতে পারে।

মনে রাখতে হবে, শরীরের ক্লান্তি সব সময় ব্যস্ততার স্বাভাবিক পরিণতি নয়। বিশেষ করে পর্যাপ্ত বিশ্রামের পরও ক্লান্তি না কমলে কিংবা এর সঙ্গে অন্য কোনো উপসর্গ দেখা দিলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া প্রয়োজন। সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ক্লান্তির প্রকৃত কারণ শনাক্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া সম্ভব।

 

Related Articles

জেনসেন হুয়াংকে ফিরিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে এনভিডিয়া: ট্রাম্প

জেনসেন হুয়াংকে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে পুনর্বহালের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন...

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একসঙ্গে মধ্যাহ্নভোজে এনসিপির প্রতিনিধিদল

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন...

প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার শিল্পগোষ্ঠী এসকে গ্রুপ।...

সেন্ট্রাল আফ্রিকার শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ ৮ আইপিও মোতায়েন

জাতিসংঘের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক শান্তিরক্ষা মিশনে (মিনুস্কা) বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ আটজন ইন্ডিভিজ্যুয়াল...