সম্পদের পরিমাণ কমলেও ভারতের সবচেয়ে ধনী অভিনেতার অবস্থান ধরে রেখেছেন বলিউড তারকা শাহরুখ খান। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী, বর্তমানে শাহরুখ খান ও তার পরিবারের আনুমানিক সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি রুপি।
গত বছর একই তালিকায় শাহরুখ ও তার পরিবারের সম্পদের পরিমাণ ছিল প্রায় ১২ হাজার ৪৯০ কোটি রুপি। অর্থাৎ এক বছরে হিসাব অনুযায়ী সম্পদ কমেছে প্রায় ২ হাজার ৪৯০ কোটি রুপি, যা প্রায় ২০ শতাংশ।
তবে সম্পদের এই পরিবর্তন তার অবস্থানে কোনো প্রভাব ফেলেনি। ধনী অভিনেতাদের তালিকায় এবারও শীর্ষে রয়েছেন তিনি। তার পরের অবস্থানগুলোতে রয়েছেন অমিতাভ বচ্চন, সালমান খান ও হৃতিক রোশন।
অভিনয়ের বাইরেও বড় ব্যবসা
শাহরুখ খানের সম্পদের বড় অংশ শুধু সিনেমা থেকে পাওয়া পারিশ্রমিকের ওপর নির্ভরশীল নয়। স্ত্রী গৌরী খানের সঙ্গে তিনি রেড চিলিজ এন্টারটেইনমেন্ট পরিচালনা করেন। প্রতিষ্ঠানটি চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি ভিজ্যুয়াল ইফেক্টসের ব্যবসার সঙ্গেও যুক্ত।
ক্রীড়া ব্যবসাতেও শাহরুখের বড় বিনিয়োগ রয়েছে। নাইট রাইডার্স স্পোর্টস-এর সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। এই প্রতিষ্ঠানের অধীনে কলকাতা নাইট রাইডার্সসহ একাধিক ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি রয়েছে।
ফলে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র, ক্রীড়া এবং বিভিন্ন ব্যবসায়িক বিনিয়োগ শাহরুখের মোট সম্পদের গুরুত্বপূর্ণ উৎস।
তবে হুরুনের প্রকাশিত সম্পদের পরিমাণকে হাতে থাকা নগদ অর্থ হিসেবে দেখার সুযোগ নেই। ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান, বিনিয়োগ, বাড়ি-জমি ও অন্যান্য সম্পদের আনুমানিক মূল্য হিসাব করে এই সম্পদের পরিমাণ নির্ধারণ করা হয়। এ কারণে বিভিন্ন সময়ে প্রকাশিত তালিকায় একই ব্যক্তির সম্পদের অঙ্কে পার্থক্য দেখা যেতে পারে।
তালিকায় দ্বিতীয় অমিতাভ
ধনী অভিনেতাদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। ২০২৬ সালের হিসাবে তার আনুমানিক সম্পদের পরিমাণ ৪ হাজার কোটি রুপি।
গত বছর অমিতাভ ও তার পরিবারের সম্পদের পরিমাণ ধরা হয়েছিল প্রায় ১ হাজার ৬৩০ কোটি রুপি। ফলে নতুন তালিকায় তাঁর সম্পদের হিসাবে বড় ধরনের বৃদ্ধি দেখা গেছে।
অমিতাভের সম্পদের মধ্যে অভিনয় থেকে পাওয়া আয় ছাড়াও বিভিন্ন বিনিয়োগ ও স্থাবর সম্পত্তির মূল্য অন্তর্ভুক্ত রয়েছে।
তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন সালমান খান। তার আনুমানিক সম্পদের পরিমাণ ৩ হাজার কোটি রুপি। ২০২৫ সালের তালিকায় সালমানের নাম ছিল না।
চতুর্থ অবস্থানে রয়েছেন হৃতিক রোশন। তার সম্পদের পরিমাণ আনুমানিক ২ হাজার ৫০০ কোটি রুপি। গত বছর এই অঙ্ক ছিল প্রায় ২ হাজার ১৬০ কোটি রুপি। অভিনয়ের পাশাপাশি তাঁর ফিটনেস ও জীবনযাপনভিত্তিক ব্র্যান্ড এইচআরএক্স তার ব্যবসায়িক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ।
এবারের তালিকায় নেই জুহি চাওলা ও করণ জোহর
২০২৫ সালের তালিকার তুলনায় এবার আরও কিছু পরিবর্তন দেখা গেছে। গত বছর শাহরুখের পরই ধনী বলিউড ব্যক্তিদের তালিকায় ছিলেন অভিনেত্রী জুহি চাওলা ও তাঁর পরিবার। তখন তাঁদের সম্পদের পরিমাণ ধরা হয়েছিল প্রায় ৭ হাজার ৭৯০ কোটি রুপি। তবে ২০২৬ সালের অভিনেতাদের তালিকায় তাঁর নাম নেই।
একইভাবে গত বছর প্রায় ১ হাজার ৮৮০ কোটি রুপি সম্পদ নিয়ে তালিকায় ছিলেন পরিচালক ও প্রযোজক করণ জোহর। এবার তাঁর নামও তালিকায় নেই।
জুহি চাওলার সম্পদের সঙ্গে নাইট রাইডার্স স্পোর্টসের ব্যবসায়িক সম্পর্ক গুরুত্বপূর্ণ। অন্যদিকে করণ জোহরের সম্পদের বড় একটি অংশের সঙ্গে ধর্মা প্রোডাকশনস জড়িত।
সিনেমার পাশাপাশি ব্যবসায় তারকাদের সম্পদ
হুরুনের তালিকা বলিউড তারকাদের ব্যক্তিগত সম্পদের পাশাপাশি চলচ্চিত্র জগতের ব্যবসায়িক পরিবর্তনেরও একটি চিত্র তুলে ধরছে। বর্তমানে অনেক তারকা অভিনয়ের পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠান, ক্রীড়া ফ্র্যাঞ্চাইজি, ব্র্যান্ড ও বিভিন্ন বিনিয়োগের মাধ্যমে আয় করছেন।
চলচ্চিত্র ব্যবসার সঙ্গে যুক্ত ধনী ব্যক্তিদের তালিকায় প্রযোজক নরেশ মালহোত্রা, টি-সিরিজের ভূষণ কুমার, রনি স্ক্রুওয়ালা এবং সান পিকচার্সের কালানিথি মারানের মতো ব্যবসায়ীদের নামও রয়েছে।
এদিকে বড় পর্দায় আবারও ফিরছেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত তার পরবর্তী সিনেমা ‘কিং’-এ তার সঙ্গে অভিনয় করছেন মেয়ে সুহানা খান। ছবিতে আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি, অভিষেক বচ্চন, রাঘব জুয়াল, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ার্সি ও জ্যাকি শ্রফ। সিনেমাটি ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।