দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু প্রথমবারের মতো মা হয়েছেন । পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে তাঁর সংসারে এসেছে নতুন অতিথি। ১৯ নভেম্বর পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। ছেলের নাম রাখা হয়েছে দেব নিদিমোরু।
শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের জন্মের খবর জানান সামান্থা। নবজাতকের হাত ধরে থাকা মা-বাবার হাতের একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘আমাদের সুন্দর শিশুপুত্র দেব নিদিমোরু। আমাদের হৃদয়ের সবচেয়ে আনন্দের মুহূর্ত।’
সন্তানের জন্মের কয়েক দিন আগে বাড়িতে পূজার আয়োজন করেছিলেন সামান্থা ও রাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই আয়োজনের কিছু ছবিও প্রকাশ করেন অভিনেত্রী।
ছবিতে লাল পোশাকে সামান্থা এবং ক্রিম রঙের কুর্তায় রাজকে দেখা যায়। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি বড়দের আশীর্বাদ নিতেও দেখা গেছে তাঁদের।
এর আগে চলতি বছরের জুনে প্রথমবার মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন সামান্থা। নিজের অভিনীত ‘মা ইন্তি বঙ্গারাম’ সিনেমার সাফল্য উদ্যাপনের অনুষ্ঠানে মাতৃত্বকালীন বিরতিতে যাওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। সে সময় বলেছিলেন, চলমান কাজ শেষ করে কিছুদিন বিরতি নেবেন। এরপর আবার অভিনয়ে ফিরবেন।
২০২৫ সালের ১ ডিসেম্বর কোয়েম্বাটুরের ইশা ফাউন্ডেশনে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন সামান্থা ও রাজ। ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ধারাবাহিকে প্রথম একসঙ্গে কাজ করেন তাঁরা। পরে ‘সিটাডেল: হানি বানি’ এবং ‘মা ইন্তি বঙ্গারাম’ প্রকল্পেও একসঙ্গে যুক্ত হন।প্রথম সন্তানের আগমনে সামান্থা ও রাজের জীবনে শুরু হলো নতুন অধ্যায়।