Home জাতীয় ঢাবির সাইবার নিরাপত্তা বিশ্লেষকের ফোন চুরি, মুহূর্তেই গায়েব ৮ লাখ টাকা

ঢাবির সাইবার নিরাপত্তা বিশ্লেষকের ফোন চুরি, মুহূর্তেই গায়েব ৮ লাখ টাকা

Share

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) সেলের এক সাইবার নিরাপত্তা বিশ্লেষকের মোবাইল ফোন চুরির পর তাঁর ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) অ্যাকাউন্ট থেকে ৮ লাখ ৩২ হাজার ৪৪৩ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সবুজ (ছদ্মনাম) গত ১৫ নভেম্বর অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানায় মামলা দায়ের করেছেন।

মামলার সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর সকালে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যান সবুজ। সকাল আনুমানিক ৭টার দিকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় তাঁর Samsung S23 Ultra মডেলের মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। ফোনটি চুরির পরপরই তাঁর ব্যাংক ও এমএফএস অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

 

চুরি হওয়া ফোনটিতে তার ব্যক্তিগত ব্যাংক হিসাব, ক্রেডিট কার্ড এবং বিকাশ, নগদ ও উপায়ের মতো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য ও সেবা যুক্ত ছিল। পরবর্তী সময়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ফোনটি অবৈধ উপায়ে আনলক করে সংশ্লিষ্ট সিম ব্যবহার করে এসব অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগ অনুযায়ী, তার ইস্টার্ন ব্যাংক পিএলসি’র বসুন্ধরা শাখার ব্যাংক হিসাব থেকে ৭ লাখ ৩২ হাজার ৪৪৩ টাকা এবং বিকাশ ও নগদ অ্যাকাউন্ট থেকে আরও এক লাখ টাকা সরিয়ে নেওয়া হয়। সব মিলিয়ে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৮ লাখ ৩২ হাজার ৪৪৩ টাকা।

 

সবুজ বিভিনিউজ২৪ কে বলেন, ঘটনাটি ব্যাংকে জানানোর পর সবশেষ ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে তারা কিছু টাকা উদ্ধার করতে পেরেছে কিন্তু কতো টাকা উদ্ধার করা হয়েছে তা জানায়নি। উদ্ধার করা টাকা ফিরে পেতে ব্যাংকে উপযুক্ত প্রমাণসহ আবেদন করতে বলা হয়, সে অনুযায়ী আবেদনও করেছেন বলে জানান তিনি।

সবুজ অভিযোগ করে বলেন, দেশের সব ব্যাংকের ২৪/৭ ফ্রড মনিটরিং সিস্টেম থাকা উচিৎ যাতে ফোন হারানো বা এরকম কোনো ক্ষেত্রে তাৎক্ষনিক ব্যাংকে অভিযোগ করলে ট্রান্সজেকশেন বন্ধ করে দেওয়া হয়। এছাড়া ব্যাংকিং অ্যাপস আরো নিরাপদ রাখার বিষয়ে ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

তিনি বলেন, বর্তমানে ব্যাংকে রেজিস্টার্ড মোবাইল, পিতা-মাতার নামসহ আনুসাঙ্গিক কিছু ইনফরমেশন দিয়ে ব্যাংকের পিন পরিবর্তনসহ নানা কাজ করা যায়। একজন ব্যাক্তির ভোটার ইনফরমেশন এখন অনেকটাই সহজলভ্য, দৃষ্কৃতিকারীরা এসব তথ্য ব্যবহারে করে সহজেই অ্যাকাউন্ট থেকে টাকা সরাচ্ছে। তাই ব্যাংকের ভেরিফিকেশন প্রক্রিয়া আরো উন্নত করার পরমর্শ তার।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা রেলওয়ে থানার সাব-ইন্সপেকটর মো. রফিকুল ইসলাম জানান, তদন্ত প্রক্রিয়াধীন এবং টাকা উদ্ধারে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করা হয়েছে।

এ বিষয়ে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা বিভিনিউজ২৪ কে বলেন, মামলা হওয়ার পর তদন্তে ব্যাংকের প্রয়োজনীয় সহযোগিতা পেতে দীর্ঘসূত্রিতা রয়েছে। একদিকে যেমন ব্যাংকের কমপ্লায়েন্স ইস্যু রয়েছে, অপরদিকে প্রয়োজনীয় ডকুমেন্ট পেতে সময়ক্ষেপণ হওয়ায় ততোক্ষণে একাউন্ট ফাঁকা। সময়ের এমন গোলক ধাঁধায় একদিকে ভূক্তভোগীরা সঠিক বিচার পায় না অন্যদিকে দৃষ্কৃতিকারীরা আরো অপকর্মের সুযোগ পায়। দেশের প্রতিটি ব্যাংকের ফ্রড ডিটেকশন সিস্টেম থাকার প্রয়োজনীয়তার ওপর জোড় দেন তিনি।

মোবাইল ফোন চুরির পর আর্থিক জালিয়াতির এমন ঘটনা নতুন নয়। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে চুরি হওয়া ফোন ব্যবহার করে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর পাশাপাশি ভুক্তভোগীর নামে ঋণ নেওয়ার অভিযোগও সামনে এসেছে। এসব ঘটনায় কখনো ফোনের নিরাপত্তা দুর্বলতা, কখনো ব্যক্তিগত তথ্যের অপব্যবহার, আবার কখনো অ্যাকাউন্ট পুনরায় চালুর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

ডিএমপি সাইবার সাপোর্ট সেন্টারের তথ্য বলছে, ২০২৬ সালে বছরের শুরু থেকে ১৯ অক্টোবর পর্যন্ত প্রায় দুই হাজার অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে প্রায় ২৩ শতাংশই ছিলো মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনা সম্পর্কিত অভিযোগ।

বিশেষজ্ঞদের মতে, শুধু গ্রাহকের সচেতনতা দিয়ে এ ধরনের জালিয়াতি প্রতিরোধ সম্ভব নয়। অস্বাভাবিক লেনদেন শনাক্ত, দ্রুত অ্যাকাউন্ট স্থগিত, পরিচয় যাচাইয়ের উন্নত পদ্ধতি এবং ব্যাংক ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা জরুরি।

এ বিষয়ে তথ্য প্রযুক্তি বিশ্লেষক সুমন আহমেদ সাবির বলেন, এ ধরনের ক্ষেত্রে দেখা যায় যার টাকা খোয়া গেছে মনে হয় দায়ভার তারই। তিনি বলেন, ব্যাংক একাউন্ট খোলার সময় কেওয়াইসি ভেরিফিকেশন দরকার হয়। যখন এক একাউন্ট থেকে অন্য একাউন্টে টাকা ট্রান্সফার করা হয় তখন ব্যাংক সহজেই সেই অ্যাকাউন্টধারী ব্যক্তিকে চিহ্নিত করতে পারে। এ ক্ষেত্রে ব্যাংক কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে কোনো সিরিয়াসনেস দেখা যায় না। গ্রাহকের আস্থা অর্জনে উল্টো ব্যাংকের আইনশৃঙ্খলাবাহীনিকে জানানো উচিৎ।

তিনি বলেন, বর্তমান এআইয়ের যুগে প্রতিটি ব্যাংকের জন্য কার্যকর ফ্রড ডিটেকশন সিস্টেম থাকা জরুরি। পাশাপাশি ব্যাংকগুলোর লেনদেনের সংখ্যা ও অর্থের পরিমাণের ওপর নির্দিষ্ট সীমা নির্ধারণ করা প্রয়োজন। কোনো লেনদেন সন্দেহজনক মনে হলে ব্যাংক কর্তৃপক্ষের উচিত সরাসরি অ্যাকাউন্টধারীর সঙ্গে যোগাযোগ করে তা নিশ্চিত হওয়া। এ ধরনের প্রতারণা শনাক্ত ও প্রতিরোধে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তা নেওয়ারও পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন বলেন, বর্তমানে কতটি ব্যাংক ফ্রড ডিটেকশন সিস্টেম ব্যবহার করছে, সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে গ্রাহকের অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা এবং অননুমোদিত লেনদেন প্রতিরোধে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে বাংলাদেশ ব্যাংকের Cyber Security Framework, Version 1.0 (2026)-এ ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা জোরদারে বেশ কিছু নির্দেশনা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা, সাইবার ঝুঁকি নিয়ন্ত্রণ, তথ্য ও উপাত্তের সুরক্ষা, নেটওয়ার্ক ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা, অ্যাক্সেস নিয়ন্ত্রণ, সাইবার হুমকি পর্যবেক্ষণ, নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা মোকাবিলা এবং তথ্যের গোপনীয়তা বজায় রাখা।

 

Related Articles

কোনো নারীই যেন ক্যান্সার চিকিৎসার বাইরে না থাকেন

ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের কোনো নারীকে পিছিয়ে রাখা যাবে না। নারীদের জন্য...

অবিরাম বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক, তলিয়ে গেছে ৬৮ হাজার হেক্টর জমি

কয়েক মাসের পরিশ্রম, ঋণ ও ধারদেনা করে ফসল ফলিয়েছিলেন ঝিনাইদহের কৃষকরা। স্বপ্ন...

পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু প্রথমবারের মতো মা হয়েছেন । পরিচালক...

মধ্যরাতেই আঘাত হানতে পারে ঝড়, সতর্কবার্তা ১০ জেলায়

ঢাকাসহ দেশের ১০ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া...