‘আমি মনে করি শিল্পীদের প্রকাশ্যে রাজনৈতিকভাবে জড়ানো উচিত নয়। যদি কেউ রাজনীতি করে, তাহলে অভিনয় ছেড়ে দিয়ে রাজনীতি করা উচিত’ বলে মন্তব্য করেছেন অভিনেতা আবুল হায়াত।
শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আবুল হায়াত বলেন, ‘আমি মনে করি শিল্পীদের প্রকাশ্যে রাজনৈতিকভাবে জড়ানো উচিত নয়। যদি কেউ রাজনীতি করে, তাহলে অভিনয় ছেড়ে দিয়ে রাজনীতি করা উচিত।’
এদিকে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও তা শুরু হয় সকাল সাড়ে ৯টায়। ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে বেলা ১টা থেকে এক ঘণ্টার নামাজের বিরতি থাকবে।
এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার আগামী দুই বছরের নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল এবং একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
একটি প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরমান এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে সভাপতি পদে রয়েছেন শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী।
এ ছাড়া সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ইউসুফ খান। অন্যদিকে ১১টি কার্যনির্বাহী পরিষদ সদস্য পদের বিপরীতে দুই প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু। ভোটগ্রহণ শেষে রাতেই গণনা শুরু হবে। সবকিছু ঠিক থাকলে একই দিন নতুন কমিটির ফলাফল ঘোষণা করা হবে।