বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘স্বেচ্ছাসেবক দল নেতার হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা।’ বিদেশি একটি সংবাদমাধ্যমে সাক্ষাতকার দিতে গুলশানের চেয়ারপার্সন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। সালাহউদ্দিন আহমেদ বলেন, অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা নির্বাচনে কোনও প্রভাব ফেলবে না। সব রাজনৈতিক দলই নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ; শেষ পর্যন্ত সফলভাবেই নির্বাচন সফল হবে।
তিনি আরও বলেন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কারো কোনও অভিযোগ থাকলে ইসিকে জানাতে পারে। তিনি জানান, অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা জানাতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর; নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের সুযোগ নেই; শহীদদের কবর জিয়ারত করাই জাতির প্রত্যাশা।
সালাহউদ্দিন আহমেদ বলেন, বৃহৎ রাজনৈতিক দল হিসেবে অনেক যোগ্য প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদের অনেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরও প্রয়োজনে আলাপ-আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।