প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, “সরকার দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই সবকিছুর সমালোচনা না করে একবার চিন্তা করা উচিত বিগত সরকার দেশের ওপর কী পরিমাণ বৈদেশিক ঋণের বোঝা রেখে গেছে। এ অবস্থায় সরকারকে সহযোগিতা করে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।”
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের গত এক মাসের কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আতিকুর রহমান রুমন বলেন, ‘লাখ লাখ কোটি টাকার বৈদেশিক ঋণের বোঝা নিয়ে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। এই ঋণের বোঝা শুধু বর্তমান প্রজন্ম নয়, ভবিষ্যতে জন্ম নেওয়া শিশুকেও বহন করতে হবে।’
অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন সমস্যা সমাধানে সচেষ্ট থাকলেও সরকারের আরও কিছুটা সময় প্রয়োজন।’
গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘গ্যাসের চাপ কমে যাওয়ায় মানুষ গ্যাস পাচ্ছিল না, বিদ্যুৎ সংকটও দেখা দিয়েছিল। প্রধানমন্ত্রী বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েছেন এবং ব্যবস্থা করেই ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী শুধু ঘোষণা দিয়েই থেমে থাকেননি; গ্যাস সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মনিটরিং সেলও করা হয়েছে। কোন এলাকায় কতটুকু গ্যাসের চাপ যাচ্ছে এবং মানুষ কী পরিমাণ গ্যাস পাচ্ছে, তা পর্যবেক্ষণ করা হচ্ছে।’
অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী সমস্যা সমাধানে সচেষ্ট। তাই জনগণের উচিত তাকে সহযোগিতা করা। সবাই সহযোগিতা করলে একটি সুন্দর, সুসজ্জিত ও সফল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’
সুত্রঃ সময়ের আলো