বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটা দলের নীতি আদর্শ পরিকল্পনা নেই, আছে শুধু ধর্মের নামে ট্যাবলেট বিক্রি। আর বিএনপির আছে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে বিশদ পরিকল্পনা।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে,রাজধানীর খামাড়বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
বিএনপির এই নেতা বলেন, যারা বিনা পরিশ্রমে জান্নাতে যেতে চায় তাদেরকে জানতে হবে সেখানে যাওয়ার বাস স্টেশনটা কোথায়। জনগণ এসব বোঝে। যদি আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগে থেকে পরিকল্পনা প্রণয়ন না করি তাহলে আমরা নিজেরাই ব্যর্থ হওয়ার পরিকল্পনা করছি।
সাত দিনব্যাপী বিএনপির এই কর্মসূচির আজ দ্বিতীয় দিন। এই কর্মসূচির মাধ্যমে, আগামীর বাংলাদেশ নিয়ে মানুষের মতামত জানবে বিএনপি। যার আলোকে প্রস্তুত হবে দলটির নির্বাচনী ইশতেহার। দ্বিতীয় সেশনের সমাপনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন তিনি। গতকাল উদ্বোধন করা হয় সাত দিনব্যাপী এই কর্মসূচি। ১৩ ডিসেম্বর শেষ হবে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’।