মিসরের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে ৩-২ গোলের জয় তুলে নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে জয়ের আনন্দের মধ্যেই বড় এক ধাক্কা খেয়েছে লিওনেল স্কালোনির দল। মিসরকে হারিয়েও ফিফার লাইভ র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছে আলবিসেলেস্তেরা।
বিশ্বকাপের ম্যাচগুলোর ফলের ভিত্তিতে হালনাগাদ হওয়া ফিফার লাইভ র্যাঙ্কিংয়ে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে আবারও এক নম্বরে উঠে এসেছে ফ্রান্স। তাদের বর্তমান রেটিং পয়েন্ট ১৯২৫.৮৬।
অন্যদিকে, মিসরের বিপক্ষে জয় পেলেও আর্জেন্টিনার পয়েন্ট দাঁড়িয়েছে ১৯২৫.১৫। মাত্র ০.৭১ পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান হারিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
তবে এই ব্যবধান খুবই সামান্য। বিশ্বকাপে দুই দলই এখনো টিকে থাকায় পরবর্তী ম্যাচগুলোর ফলাফলের ওপর নির্ভর করে র্যাঙ্কিংয়ে আবারও পরিবর্তন আসতে পারে।
এদিকে, শীর্ষস্থান হারানোকে অনেক আর্জেন্টিনা সমর্থক আবার ইতিবাচক হিসেবেও দেখছেন। ফুটবল ইতিহাসে একটি প্রচলিত ধারণা রয়েছে, বিশ্বকাপ শুরুর সময় ফিফা র্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা কোনো দলই শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি। এই কারণেই অনেকে এটিকে ‘ফিফা র্যাঙ্কিংয়ের অভিশাপ’ বলে থাকেন।
বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে হন্ডুরাস ও আইসল্যান্ডকে হারিয়ে এবং ফ্রান্স ও স্পেনের পয়েন্ট হারানোর সুযোগ কাজে লাগিয়ে শীর্ষস্থান দখল করেছিল আর্জেন্টিনা। কিন্তু নকআউট পর্বে এসে সেই অবস্থান আর ধরে রাখতে পারল না তারা।
এখন কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। একদিকে বিশ্বকাপে টিকে থাকার লড়াই, অন্যদিকে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ—দুই লক্ষ্য নিয়েই মাঠে নামবে আলবিসেলেস্তেরা।