Home জাতীয় ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হতে পারে : তাজুল ইসলাম

ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হতে পারে : তাজুল ইসলাম

Share

জুলাই গণহত্যা মামলার বিচারের জন্য পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

সোমবার (২৪ মার্চ) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ তথ্য জানান তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, জুলাই গণহত্যা মামলার বিচারের জন্য পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা ও আসামির সংখ্যা অত্যধিক বেড়ে গেছে। এ জন্য বিচারকার্য দ্রুত সম্পন্ন করার স্বার্থে ট্রাইব্যুনাল সংখ্যা বাড়ানোর কথা ভাবছে অন্তর্বর্তী সরকার। তদন্তে গতি আনতে তদন্ত সংস্থা ও প্রসিকিউশনেও জনবল বাড়ানোর চিন্তা করছে সরকার। ট্রাইব্যুনালে দক্ষ জনবল নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরে ২০১৬ সালে কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে ৯ জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক এসপি জসিম উদ্দিন মোল্লাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এ মামলায় তদন্ত প্রতিবেদন আগামী ৭ মে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া মিরপুরে জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগে দারুসসালাম জোনের সাবেক এডিসি এম এম মইনুল ইসলামসহ আসামিদের বিরুদ্ধে আগামী ১৮ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা এক ছাত্রকে গুলির ঘটনায় সাবেক এসআই চঞ্চল চন্দ্র ও সাবেক এসি রাজেন কুমার সাহাসহ এ মামলার আসামিদের বিরুদ্ধে আগামী ২৮ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

এদিকে সাবেক সংসদ সদস্য মির্জা আজম ও তার স্ত্রী দেওয়ান আলেয়ার নামে থাকা ১৯ বিঘা জমি জব্দসহ ৩১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৩ কোটি ৮০ লাখ ২৩ হাজার ৯৫৮ টাকা রয়েছে।

সোমবার (২৪ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জব্দ সম্পদের মধ্যে মির্জা আজমের নামে জামালপুরে সাড়ে ৫৯ শতক জমি জব্দ করা হয়েছে। এসব সম্পদের মূল্য ২৪ লাখ ৩০ হাজার টাকা। এছাড়া মির্জা আজমের নামে ১৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এসব হিসাবে ১ কোটি ১২ লাখ ৯৬ হাজার ৩৪ টাকা। এ ছাড়া মির্জা আজমের স্ত্রী দেওয়ান আলেয়ার নামে জামালপুরে ১৭ দশমিক ৯২ বিঘা অর্থাৎ প্রায় ১৮ বিঘা জমি জব্দ করা হয়েছে। এ ছাড়া তার নামে ১৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এসব হিসাবে ২ কোটি ৬৭ লাখ ২৭ হাজার ৯২৪ টাকা রয়েছে।

Related Articles

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার সতর্কতা জারিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ...

সরকারের মূল লক্ষ্য মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া : প্রধানমন্ত্রী

যশোরে বহুল প্রতীক্ষিত ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন...

প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করল বাংলাদেশের মেয়েরা

প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেই ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী হকি দল। বাছাইপর্বে আজ...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন সেই ইসহাক সরকার

সদ্য দলে যোগ দেওয়া ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা মহানগর শাখার কমিটি...