দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর।
শনিবার (১৪ মার্চ) দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি জামিনে মুক্তি পান।
কারাগার সূত্রে জানা যায়, কারাগার থেকে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার আল মামুন। তিনি জানান, আনিস আলমগীরের জামিনসংক্রান্ত কাগজপত্র এক দিন আগে কারাগারে পৌঁছায়। যাচাইবাছাই শেষে শনিবার তাকে মুক্তি দেওয়া হয় এবং তিনি স্বজনদের সঙ্গে কারাগার ত্যাগ করেন।
জানা গেছে, গত বুধবার দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলায় আদালত আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেন। এর ফলে তার বিরুদ্ধে থাকা দুটি মামলাতেই জামিন পাওয়ায় কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছিলেন তার আইনজীবী তাসলিমা জাহান।
এর আগে জিজ্ঞাসাবাদের জন্য গত বছরের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে তাকে ঢাকা মহানগর পুলিশ-এর গোয়েন্দা বিভাগে নেওয়া হয়। পরদিন তাকে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালতের আদেশে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয় এবং রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
সন্ত্রাসবিরোধী আইনের ওই মামলায় ৫ মার্চ উচ্চ আদালত তাকে জামিন দেন।
এদিকে গত ১৫ জানুয়ারি আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলায় তার বিরুদ্ধে ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। পরে ২৫ জানুয়ারি এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। পরবর্তীতে এই মামলাতেও তিনি জামিন পান।