Home খেলাধুলা পোর্তোর মাঠে জুভেন্টাসের হার, বিবর্ণ রোনালদো

পোর্তোর মাঠে জুভেন্টাসের হার, বিবর্ণ রোনালদো

Share

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে পর্তুগিজ ক্লাব পোর্তোর বিপক্ষে হেরেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস। প্রতিপক্ষের মাঠে আলগা রক্ষণ, বিবর্ণ মাঝমাঠ ও আক্রমণভাগ-প্রথমার্ধে এমনই ছন্নছাড়া জুভেন্টাস বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও পেরে উঠল না তারা। শিরোপা প্রত্যাশীদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে কিছুটা এগিয়ে রইলো পর্তুগালের দলটি।

তবে, শেষ দিকে মহামূল্যবান একটি অ্যাওয়ে গোল আদায় করে নিয়েছে দুবারের ইউরোপ চ্যাম্পিয়নরা। নিজেদের মাঠে বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে শেষ ষোলোর প্রথম লেগে ২-১ গোলে জিতেছে পোর্তো।

রদ্রিগো বেন্তানকুরের অবিশ্বাস্য ভুলে ম্যাচের ৬৩ সেকেন্ডের মাথায় গোল হজম করে জুভেন্টাস। সতীর্থের ব্যাকপাস পেয়ে গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি ডি-বক্সের মুখে বাড়ান বেন্তানকুরকে। উরুগুয়ের এই মিডফিল্ডার কি ভেবে স্ট্যাসনিকেই ফিরতি পাস বাড়ান, তবে লক্ষ্য ঠিক ছিল না। কাছেই দাঁড়ানো ইরানের মেহেদি তারেমি ছুটে গিয়ে বল পাঠান জালে।

পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়াবে কী, উল্টো প্রতিপক্ষের চাপে আরো কোণঠাসা হয়ে পড়ে জুভেন্টাস। নিজেদের সীমানায় বারবার ভুল করতে থাকে তারা। দ্বিতীয়ার্ধের ১৯ সেকেন্ডের মাথায় দ্বিতীয় গোল হজম করে জুভেন্টাস। ডান দিক থেকে উইলসন মানাফার পাস ডি-বক্সে দুই ডিফেন্ডারের মাঝে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে দ্বিতীয় স্পর্শে নিচু শটে বল জালে পাঠান মালির ফরোয়ার্ড মুসা মারেগা।

প্রথমার্ধে নিজের ছায়া হয়ে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো দ্বিতীয়ার্ধে কিছুটা জরক দেখালেও সফলতার মুখ দেখেননি। ৮২তম মিনিটে মহামূল্যবান অ্যাওয়ে গোলটি পায় জুভেন্টাস। বাঁ দিক থেকে রাবিওর ক্রস ডি-বক্সে ডান দিকে ফাঁকায় পেয়ে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ফেদেরিকো চিয়েসা।

চার মিনিট যোগ করা সময়ের শেষ মুহূর্তে রেফারির সিদ্ধান্তকে ঘিরে বিতর্কের জন্ম নেয়। ডি-বক্সে প্রতিপক্ষের বাধায় রোনালদো পড়ে গোলে পেনাল্টির জোরালো আবেদন ওঠে। তবে ভিএআরের সাহায্য নেননি রেফারি, কয়েক সেকেন্ড পরেই শেষ বাঁশি বাজিয়ে দেন।

অপেক্ষা এখন ফিরতি লেগের। আগামী ৯ মার্চ ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে নামবে জুভেন্টাস। রোনালদোরা কি পারবে চ্যালেঞ্জ জয় করতে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

Related Articles

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

একই দলে খেলতে পারেন মেসি-রোনালদো

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো, দুই চিরপ্রতিদ্বন্দ্বী শেষ ২ দশকে ফুটবলকে উপহার...

অবসর নিলেও আর্জেন্টিনার জার্সিতে আবার মাঠে নামতে পারেন মেসি

আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। তবে জাতীয়...

মেসিকে বিদায় জানাতে আর্জেন্টিনায় অভিনব আয়োজন

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বর্ণিল অধ্যায়ের সমাপ্তি হয়েছে। জাতীয় দলকে বিদায় জানানো...