পৃথিবীর আকাশে এখন ঘুরে বেড়াচ্ছে আরেকটি ক্ষুদ্র চাঁদ। তবে এটি পৃথিবীর স্থায়ী কোনো উপগ্রহ নয়, বরং সাময়িক অতিথি। প্রায় দুই মিটার ব্যাসের একটি গ্রহাণুকে গত এপ্রিল মাসে পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণ সাময়িকভাবে নিজের কক্ষপথে টেনে নেয়। ধারণা করা হচ্ছে, ডিসেম্বরের শুরুর দিকে এটি পৃথিবীর মহাকর্ষীয় প্রভাববলয় ছেড়ে আবার সূর্যকে কেন্দ্র করে ঘুরতে শুরু করবে।
জ্যোতির্বিজ্ঞানীরা গ্রহাণুটির নাম দিয়েছেন ‘২০২৬ কিউকিউ৮’। আকারে খুব ছোট এবং সূর্যের আলো কম প্রতিফলিত করায় এটি শনাক্ত করার পরও এর প্রকৃত পরিচয় নিশ্চিত হতে বিজ্ঞানীদের কয়েক সপ্তাহ সময় লেগেছে।
প্রাথমিক পর্যায়ে এটি কোনো অকেজো কৃত্রিম উপগ্রহ কিংবা মহাকাশযানের ভেঙে পড়া অংশ কি না, তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছিল। পরে পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে এর পরিচয় সম্পর্কে নিশ্চিত হন বিজ্ঞানীরা। অক্টোবরের শেষ দিকে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংঘের ক্ষুদ্র গ্রহকেন্দ্র (মাইনর প্ল্যানেট সেন্টার) বস্তুটিকে আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত করে।
বিজ্ঞানীদের কাছে এ ধরনের অস্থায়ী উপগ্রহ ‘মিনি মুন’ নামে পরিচিত। পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে সাময়িকভাবে আটকা পড়লেও এগুলো শেষ পর্যন্ত পৃথিবীর কক্ষপথ ছেড়ে সূর্যকে কেন্দ্র করে ঘুরতে ফিরে যায়।
‘ক্ষুদ্র চাঁদ’ কোনো আনুষ্ঠানিক জ্যোতির্বৈজ্ঞানিক পরিভাষা নয়। এর আগে ২০০৬ আরএইচ১২০ ও ২০২০ সিডি৩ নামের দুটি প্রাকৃতিক মহাজাগতিক বস্তুকেও এ নামে অভিহিত করা হয়েছিল। প্রথমটি প্রায় এক বছর এবং দ্বিতীয়টি প্রায় তিন বছর পৃথিবীর কক্ষপথে ছিল।
যুক্তরাষ্ট্রের ক্ষুদ্র গ্রহকেন্দ্রের পরিচালক ম্যাথিউ পেইন জানান, পৃথিবীর চারপাশে এ ধরনের সাময়িক সঙ্গী থাকা অস্বাভাবিক নয়। গড়ে যেকোনো সময় পৃথিবীর কাছে এমন একটি বস্তু থাকতে পারে। কখনো কয়েক সপ্তাহ, কখনো কয়েক মাস এগুলো পৃথিবীর মহাকর্ষীয় প্রভাবের মধ্যে ঘোরে।
হাঙ্গেরির কনকোলি মানমন্দিরের জ্যোতির্বিজ্ঞানী ক্রিস্তিয়ান সারনেস্কি গত আগস্টে বস্তুটি শনাক্ত করেন। প্রথমে তিনি এর নাম দিয়েছিলেন সার২৯০১। তার মতে, প্রথম দেখায় এটিকে অন্য সাধারণ গ্রহাণুর মতোই মনে হয়েছিল। পরে কক্ষপথের নিখুঁত হিসাব-নিকাশের মাধ্যমে এর বিশেষত্ব ধরা পড়ে।
বস্তুটির গতি ও সৌর বিকিরণের প্রভাব কয়েক সপ্তাহ পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা নিশ্চিত হন, এটি প্রাকৃতিক গ্রহাণু। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় লওয়েল ডিসকভারি টেলিস্কোপ এবং হাওয়াইয়ের মাউনা কেয়ায় অবস্থিত ২ দশমিক ২ মিটার টেলিস্কোপ এ কাজে সহায়তা করে।
বিজ্ঞানীদের ধারণা, এ ধরনের অধিকাংশ গ্রহাণুর উৎপত্তি মঙ্গল ও বৃহস্পতির মধ্যবর্তী গ্রহাণুবলয়ে। মহাকর্ষীয় প্রভাবে কয়েক লাখ বা কোটি বছর ধরে সেগুলোর কক্ষপথ পরিবর্তিত হয়ে পৃথিবীর কাছাকাছি চলে আসতে পারে। পৃথিবীর কাছ দিয়ে তুলনামূলক কম গতিতে যাওয়ার সময় কোনো কোনো বস্তু এর মহাকর্ষীয় আকর্ষণে সাময়িকভাবে আটকে যায়।
২০২৬ কিউকিউ৮ পৃথিবীতে আছড়ে পড়ার আশঙ্কা নেই। এমনকি বায়ুমণ্ডলে প্রবেশ করলেও এর ক্ষুদ্র আকারের কারণে এটি পুড়ে ভেঙে যাবে। পেইন বলেন, সর্বোচ্চ আকাশে উজ্জ্বল উল্কার মতো দেখা যেতে পারে, সঙ্গে সামান্য বিস্ফোরণের শব্দ শোনা যেতে পারে।
বর্তমানে বিজ্ঞানীরা প্রায় ৪০ হাজার পৃথিবীর কাছাকাছি গ্রহাণু শনাক্ত করেছেন। তবে চিলির ভেরা সি রুবিন মানমন্দিরের ১০ বছরব্যাপী আকাশ জরিপ শুরু হলে এই সংখ্যা দ্রুত বাড়বে। এর মাধ্যমে সৌরজগতের পরিচিত মহাজাগতিক বস্তুর সংখ্যা ১৫ লাখ থেকে বেড়ে ৫০ লাখে পৌঁছাতে পারে বলে ধারণা করছেন গবেষকেরা।