রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে আদালত এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর দমন-পীড়নের মুখে ৭ লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন। ওই সামরিক অভিযানের অভিযোগের ভিত্তিতেই মামলাটি করা হয়েছিল।
আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া জানান, ৯-৬ ভোটে আদালত সিদ্ধান্ত নিয়েছে, মিয়ানমার রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়ে গণহত্যা সনদে নির্ধারিত আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।
এই রায়কে আন্তর্জাতিক বিচারব্যবস্থার ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক আদালতে কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দায়ী করার ঘটনা এটিই প্রথম। নাৎসি হলোকাস্টের পর আন্তর্জাতিক আদালতে গণহত্যার অপরাধ সংঘটিত হওয়ার বিষয়ে এটি চতুর্থ রায়।
২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করে। দেশটির অভিযোগ ছিল, রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অভিযান চালিয়েছে মিয়ানমার।
গাম্বিয়া আদালতের কাছে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করা, রোহিঙ্গাদের বিরুদ্ধে সব ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধের নির্দেশ দেওয়া এবং গণহত্যার জন্য দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানায়।
অন্যদিকে, মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে দাবি করে আসছে, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) যোদ্ধারা পুলিশ ফাঁড়িতে হামলা চালানোর পর নিরাপত্তার স্বার্থে সামরিক অভিযান পরিচালনা করা হয়েছিল।
রায় ঘোষণার প্রায় তিন ঘণ্টার পাঠে আইসিজে প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, আদালতে উপস্থাপিত প্রমাণে দেখা গেছে, মিয়ানমারের বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে।
এই রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের দায় নির্ধারণে আন্তর্জাতিক বিচারব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হলো। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ন্যায়বিচারের দাবিও নতুন গুরুত্ব পেল।