নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার দাবিতে স্পেনে আবারও দেশজুড়ে রেল ধর্মঘট শুরু হয়েছে। মঙ্গলবার ২৪ ঘণ্টার এই ধর্মঘটের কারণে দেশটির রেল যোগাযোগব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। ধর্মঘটের প্রভাবে রাজধানী মাদ্রিদের কমিউটার ট্রেন চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। পাশাপাশি স্পেনের বিভিন্ন অঞ্চলেও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। এতে দৈনন্দিন যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
মধ্যরাত থেকে ধর্মঘট শুরু হওয়ার পর দেড় কোটির বেশি নিয়মিত রেলযাত্রী যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তিতে পড়েছেন।
সম্প্রতি দুটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনার পর রেল নিরাপত্তা জোরদারের দাবিতে শ্রমিক ইউনিয়নগুলো এই ধর্মঘটের ডাক দেয়।
রাষ্ট্রীয় রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান রেনফে, দ্রুতগতির ট্রেন পরিচালনাকারী আইরিও ও ওইগো এবং কয়েকটি মালবাহী রেল কোম্পানির কর্মীদের ধর্মঘটে অংশ নেওয়ার আহ্বান জানায় ইউনিয়নগুলো।
এদিকে রেনফে অভিযোগ করেছে, ট্রেনচালকেরা ন্যূনতম রেল পরিষেবা চালু রাখার নির্দেশনা অনুসরণ করছেন না। প্রতিষ্ঠানটির দাবি, মঙ্গলবার সকালের ব্যস্ত সময়ে মাদ্রিদের কমিউটার নেটওয়ার্কে নির্ধারিত ট্রেনের প্রায় ৯৭ শতাংশই বাতিল করা হয়েছে। এতে রাজধানীর রেল যোগাযোগে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
এছাড়া কাতালোনিয়ার রোদালিস কমিউটার রেল নেটওয়ার্কে ধর্মঘটকালীন সূচি অনুযায়ী চলার কথা থাকা ৪০ শতাংশ ট্রেনও স্টেশন ছেড়ে যেতে পারেনি।
এ পরিস্থিতিতে যাত্রীদের বিকল্প পরিবহন ব্যবহারের পরামর্শ দিয়েছে রেনফে।
ধর্মঘটের কারণে কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য গন্তব্যে যাতায়াতকারী বিপুলসংখ্যক মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।