Home জাতীয় হেঁটে নেতাকর্মীদের সঙ্গে র‍্যালিতে প্রধানমন্ত্রী

হেঁটে নেতাকর্মীদের সঙ্গে র‍্যালিতে প্রধানমন্ত্রী

Share
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে আয়োজিত সার্বভৌমত্ব র‍্যালিতে নেতাকর্মীদের সঙ্গে হেঁটে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি যাত্রা শুরু করে। এর আগে বিকেল পৌনে ৩টা থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে তারেক রহমান বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই ছিল মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে বাকশাল চাপিয়ে দেওয়া হয়েছিল। ৫ আগস্ট ছাত্র-জনতা আবারও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে এনেছে এবং স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছে।
তিনি বলেন, পরাজিত শক্তি এখন আবার ষড়যন্ত্র শুরু করেছে। যারা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও দেশের সার্বভৌমত্ব মেনে নিতে পারেনি, তাদের ষড়যন্ত্র থেমে থাকেনি। এ দেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে আবারও ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
তারেক রহমান আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে এক হতে হবে। আজকের র‍্যালি হোক দেশের সার্বভৌমত্ব রক্ষার র‍্যালি।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিকেল ৩টা ১৫ মিনিটে নাইটিঙ্গেল মোড় থেকে বিজয় সরণি বিমান মোড়ের দিকে র‍্যালিটি যাত্রা শুরু করে। এতে তারেক রহমানের সঙ্গে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ ও শিশুবিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান ও ফরহাদ হালিম ডোনার।
এ ছাড়া র‍্যালিতে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী-খান সোহেল, কোষাধ্যক্ষ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
র‍্যালিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পাশাপাশি ঢাকা বিভাগের বিভিন্ন জেলার ইউনিটের নেতাকর্মীরাও অংশ নেন।
র‍্যালিটি কাকরাইল, প্রধান বিচারপতির বাসভবনের সামনে, হেয়ার রোড, মিন্টো রোড, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
Related Articles

তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ

অভিনেত্রী তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। শুক্রবার...

ইতিহাস গড়ে টেস্টে হৃদয়ের ডাবল সেঞ্চুরি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কঠিন পরিস্থিতিতে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের তাওহীদ হৃদয়।...

মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পের মন্ত্রিসভায় রদবদলের আভাস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানোর পর নিজের...

বাংলাদেশের পেসারদের ইতিহাসে নতুন রেকর্ড হাসান মাহমুদের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে বাংলাদেশের পেসারদের...