মাদারীপুরের আড়িয়াল খাঁ পাম্প নিয়ে মিথ্যা অপপ্রচার ও মানহানিকর তথ্য প্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সঠিক তথ্য তুলে ধরেছেন পাম্পটির বর্তমান মালিক আব্দুল রশীদ গৌড়া। সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে তিনি পাম্পের মালিকানা ও চুক্তি সংক্রান্ত মূল দলিলপত্র প্রদর্শন করে এসব অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান।
আব্দুল রশীদ গৌড়া জানান, একটি স্বার্থান্বেষী মহল আড়িয়াল খাঁ পাম্প নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন স্থানে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। পাম্পটির বৈধ মালিকানা ও চালনা সংক্রান্ত সমস্ত আইনি ও চুক্তিভিত্তিক কাগজপত্র তাঁর কাছে সুরক্ষিত রয়েছে। এ সময় তিনি প্রকাশ্যে স্ট্যাম্প ও চুক্তিনামার আসল কপি দেখিয়ে প্রমাণ করেন যে, পাম্পটি সম্পূর্ণ বৈধ উপায়ে পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, “মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে আমার ও আমার ব্যবসায়ের সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। আইনগতভাবেই আমি এই পাম্পের বর্তমান মালিক এবং সকল বৈধ কাগজপত্র আমার কাছে রয়েছে।” অপপ্রচারে কান না দেওয়ার জন্য তিনি সর্বসাধারণের প্রতি আহ্বান জানান এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানহানিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।