টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আগেই। এখন আন্তর্জাতিক ক্রিকেটে শুধু ওয়ানডে খেলছেন বিরাট কোহলি। এবার জানিয়ে দিলেন, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপই ভারতের হয়ে তার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে।
জিওস্টারকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘আমার জন্য, এটাই ভারতের হয়ে খেলা আমার শেষ বিশ্বকাপ। এটাই আমার প্রেরণা। মাঠে নিজের সবকিছু উজাড় করে দিতে চাই। অবশ্যই লক্ষ্য বিশ্বকাপ জেতা। এর জন্য যা যা করা দরকার, আমি তার জন্য পুরোপুরি প্রস্তুত।’
কোহলি ২০২৪ সালে টি-টোয়েন্টি এবং ২০২৫ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। ওয়ানডেতে এখনো ভারতের গুরুত্বপূর্ণ ব্যাটার হিসেবে আছেন তিনি। ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে গত মে মাসেও কোহলি জানিয়েছিলেন, ভারতের হয়ে বিশ্বকাপ খেলার জন্য তিনি প্রস্তুত।
২০২৭ বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। এটি হবে কোহলির পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ। ২০১১ সালে নিজের প্রথম বিশ্বকাপেই মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শিরোপা জিতেছিলেন তিনি। এরপর ২০১৫, ২০১৯ ও ২০২৩ বিশ্বকাপেও খেলেছেন এই তারকা ব্যাটার। ২০২৩ সালে ভারত ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি।
বিদেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ খেলার চ্যালেঞ্জের কথাও বলেছেন কোহলি। তার ভাষায়, ‘৫০ ওভারের বিশ্বকাপের তীব্রতা অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি। বিদেশের কন্ডিশনে খেলাটা আরও চ্যালেঞ্জিং। এতে অনেক বেশি পরিশ্রম করতে হয়।’
কোহলির সঙ্গে ওয়ানডেতে এখনো খেলছেন রোহিত শর্মাও। ২০২৭ বিশ্বকাপ নিয়ে তিনিও নিজের আগ্রহের কথা জানিয়েছেন। রোহিত বলেন, যতদিন খেলছেন, ততদিন সামনে নতুন কিছু পাওয়ার অপেক্ষায় থাকেন তিনি এবং আগামী বিশ্বকাপের দিকেই তাকিয়ে আছেন।
ভারতের পরবর্তী ওয়ানডে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তিন ম্যাচের সিরিজের প্রথমটি হবে ২৭ সেপ্টেম্বর থিরুভানান্থাপুরামে। কোহলি ও রোহিত দুজনই ভারতের স্কোয়াডে আছেন। সিরিজটি ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেও গুরুত্বপূর্ণ।