Home খেলাধুলা টানা তিন জয়ের পরও রিয়ালকে সতর্ক করলেন মরিনিয়ো

টানা তিন জয়ের পরও রিয়ালকে সতর্ক করলেন মরিনিয়ো

Share
লা লিগার নতুন মৌসুমে সবশেষ মালাগাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে টানা তৃতীয় জয়ের স্বাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। দুর্দান্ত শুরুর পরও অবশ্য আত্মতুষ্টির সুযোগ দেখছেন না প্রধান কোচ জোসে মরিনিয়ো। সামনে কঠিন সময় আসতে পারে বলে খেলোয়াড়দের আগেভাগেই সতর্ক করে দিলেন তিনি।
মালাগার বিপক্ষে জয়ের পর মরিনিয়ো বলেন, ‘খারাপ সময় আসবে, গুরুত্বপূর্ণ কোনো খেলোয়াড়ের চোট আসবে, তোমাদের সমালোচনা আসবে এবং হারও আসবে। সবকিছুই আসবে, কারণ এসব সব সময়ই ঘটে। তখন আমরা যে দলটি গড়ে তুলছি, তার সব শক্তি বের করে আনতে হবে। আর সেই সময়গুলোতে আমাদের ভারসাম্যপূর্ণ থাকতে হবে এবং কোনো নেতিবাচক সময়কে পুরো মৌসুমে প্রভাব ফেলতে দেওয়া যাবে না।’
মৌসুমের শুরুতে টানা তিন জয়ে রিয়ালের আক্রমণভাগও রয়েছে ছন্দে। তিন ম্যাচে ১০ গোল করেছে দলটি। তবে বড় ব্যবধানের জয়কেই সাফল্যের একমাত্র মানদণ্ড হিসেবে দেখছেন না মরিনিয়ো। তার মতে, প্রয়োজনে ১-০ ব্যবধানের জয়েও সমান সন্তুষ্ট থাকতে হবে দলকে।
মরিনিয়ো বলেন, ‘আমরা ইতোমধ্যে ৩ ম্যাচে ১০ গোল করেছি। কিন্তু কোনো একটি ম্যাচ আমরা ১-০ ব্যবধানে জিতব এবং তাতেও আমরা সমান খুশি থাকব।’
মালাগার বিপক্ষে জয়ে গোলের পাশাপাশি ক্লিনশিট রাখাকেও গুরুত্বপূর্ণ মনে করছেন মরিনিয়ো। এই কোচের মতে, আক্রমণের পাশাপাশি দলকে রক্ষণেও সমান মনোযোগী হতে হবে, ‘আমাদের লক্ষ্য ছিল ক্লিন শিট রাখা এবং ভালোভাবে কাজ করা। আমরা সব সময় তীব্রভাবে আক্রমণ করতে পারি না, কারণ কখনো কখনো প্রতিপক্ষ সামনে এগিয়ে আসে এবং তখন আমাদের ভালোভাবে রক্ষণও করতে হয়।’
ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের রক্ষণে ফিরে আসার বিষয়টিও বিশেষভাবে তুলে ধরেন মরিনিয়ো। তিনি বলেন, ‘আমরা একটি দলকে রক্ষণে ভালোভাবে কাজ করতে দেখেছি। ভিনিসিয়ুস জুনিয়র বল হারানোর পর আবার পেছনে ফিরে গিয়ে রক্ষণ করেছে এবং বলটি পুনরুদ্ধার করেছে।’
দলের পারফরম্যান্সের পাশাপাশি কয়েকজন ফুটবলারের ব্যক্তিগত নৈপুণ্যের কথাও বলেছেন মরিনিয়ো। জুড বেলিংহ্যামকে অবিশ্বাস্য খেলোয়াড় আখ্যা দিলেও এদিন কামাভিঙ্গার পারফরম্যান্স আলাদাভাবে নজর কেড়েছে তাঁর।
ফরাসি মিডফিল্ডারকে নিয়ে মরিনিয়ো বলেন, ‘আজ এমন একজন খেলোয়াড় অসাধারণ পারফরম্যান্স করেছে, যে খুব বেশি ভালোবাসা পায় না। সে হলো কামাভিঙ্গা।’
এমবাপ্পে, ভিনিসিয়ুস ও বেলিংহ্যামকে একসঙ্গে খেলানো নিয়ে আলোচনা প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন মরিনিয়ো। তিন তারকাকে একসঙ্গে খেলাতে আপত্তি নেই বলেই জানালেন তিনি, ‘ভালো খেলোয়াড়েরা সব সময় একসঙ্গে খেলতে চায়, কারণ তাদের চিন্তার গতি এবং মান একই রকম। তাদের সব সময় একে অপরের সঙ্গে বোঝাপড়ায় থাকতে হবে।’
Related Articles

হাজারো ডিসেম্বর যাবে, কিন্তু শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন

হাজারো ডিসেম্বর চলে যাবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবে না বলে...

বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে দেশের সকল সনাতন ধর্মাবলম্বীসহ সব নাগরিককে...

রণবীরকে ছাড়াই দুর্গাপূজায় আলিয়া, সঙ্গী ছিলেন কে

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আমেজ ছড়িয়ে পড়েছে ভারতজুড়ে। পশ্চিমবঙ্গের...

বাংলাদেশের ফুটবলকে পরের ধাপে নিতে বিনিয়োগের পরিকল্পনা করছে ফিফা

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ছেলেদের ও মেয়েদের ফুটবল, অবকাঠামো, প্রশিক্ষণকেন্দ্র এবং স্কুলভিত্তিক বিভিন্ন...